Sunday, December 31, 2017

বিচারপতি অপসারণে নতুন পথ দেখিয়েছে আ.লীগ: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার জাতিকে নতুন পথ দেখিয়েছেন তা হলো, কোনো বিচারপতিকে অপসারণ করতে হলে দলীয় নেতা-কর্মীদের একত্র করে মাঠে নামিয়ে তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তাঁকে পদত্যাগের জন্য বাধ্য করা। মওদুদ আহমদ আজ শনিবার বেলা তিনটায় তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি তাঁর রায়ে লিখেছেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এখন আর ষোড়শ সংশোধনীর প্রয়োজন নাই। মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতির পদ শূন্য। কিন্তু এক ঘণ্টার জন্যও এ পদ শূন্য রাখার বিধান নেই সংবিধানে। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্ট চলছে। তিনি বলেন, এ সরকারের ১৫৪ জন সাংসদ ভোট ছাড়াই সাংসদ নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচনই বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের স্লোগান হবে: ৬০ টাকা দরে চাল খাব না, ১২০ টাকা দরে পেঁয়াজ খাব না, নৌকায় ভোট দেব না।’ বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঘন ঘন বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তির সৃষ্টি করছে।

No comments:

Post a Comment