
ফিলিস্তিনের
গাজা উপত্যকার পূর্ব সীমান্তে বিক্ষোভ চলাকালে ইসরাইলি বাহিনীর হামলায় দুই
ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে
প্রস্তাব পাস হওয়ার পর গাজাভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো শুক্রবার
নতুন করে ওই বিক্ষোভের ডাক দেয়। তা ঠেকাতে তাজা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে
ইসরাইলি বাহিনী।
জেরুজালেম ঘোষণার পর এটা ছিল তৃতীয় শুক্রবার। হাজার হাজার
ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ বছর
বয়সী নিহত যুবকের নাম জাকারিয়া আল কাফারনে। তাকে মাথায় গুলি করে হত্যা করা
হয়। অন্যদিকে পূর্ব গাজা শহরের সংঘর্ষে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২৯ বছর বয়সী
মোহাম্মদ মোহাইসেন নিহত হন। গাজা উপত্যকার পূব সীমান্তে বিক্ষোভ চলাকালে
ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের ভয়াবহ সংঘর্ষ হয়। সে সময়
ফিলিস্তিনি যুবকরা ইসরাইলি সেনা সদস্যদের দিকে পাথর ছুড়ে মারে। জবাবে
ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও তাজা আগ্নেয়াস্ত্র ব্যবহার
করে।
No comments:
Post a Comment