
সিরিয়া
থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন। সোমবার সিরিয়ায় রুশ সেনাদের একটি ঘাঁটি পরিদর্শনকালে এ ঘোষণা দেন
তিনি। লাতাকিয়ার কাছে হেইমিম বিমানঘাঁটিতে ওই সময় সিরিয়ার প্রেসিডেন্ট
বাশার আল আসাদও উপস্থিত ছিলেন বলে বিসিসির খবরে বলা হয়েছে। রাশিয়ার
প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সার্গেই সৌইগু বলেছেন, সিরিয়া থেকে রুশ সেনা
প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পুতিন। তবে কত দিনের মধ্যে সেনা প্রত্যাহার
করা হবে সে বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন রুশ
প্রতিরক্ষা মন্ত্রী। তবে সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও হেইমিম বিমানঘাঁটি
এবং সিরিয়ার তারতাউস বন্দরে রুশ নৌ-ঘাঁটি থাকছে বলে জানিয়েছেন পুতিন।
ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলের লক্ষ্যে মোতায়েন করার প্রায় তিন বছর পর
সেনা প্রত্যাহারের এ ঘোষণা দিল রাশিয়া। সেনা প্রত্যাহারের একই ধরনের একটি
ঘোষণা গত বছরও দিয়েছিলেন পুতিন। কিন্তু তারপরেও সিরিয়ায় রাশিয়ার সামরিক
অভিযান অব্যাহত ছিল। বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন
তার প্রতিরক্ষা মন্ত্রীকে সিরিয়ায় মোতায়েন সেনা প্রত্যাহারের নির্দেশ
দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা প্রধানকেও একই নির্দেশ দিয়েছেন
তিনি। প্রেসিডেন্ট বাশারের পক্ষ নিয়ে ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় প্রথম
বিমান হামলা চালায় রাশিয়া। সাফল্যের সঙ্গে সিরিয়ায় অভিযান সমাপ্ত করায় রুশ
সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। পুতিন বলেছেন, সন্ত্রাসীরা যদি আবারও
জেগে ওঠে, তা হলে তাদের এমন সাজা দেওয়া হবে, যা তারা আগে দেখেনি।
সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সিরিয়া ও রাশিয়ার যে ক্ষতি হয়েছে,
তা আমরা কোনো দিন ভুলব না।
No comments:
Post a Comment