Monday, December 25, 2017

চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, গ্রেফতার ২

পাবনার সাঁথিয়া উপজেলায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগন্নাথপুর শ্মশানঘাটের জঙ্গল থেকে গলায় গামছা মোড়ানো অবস্থায় রনির লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার রাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগন্নাথপুর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।। নিহত রনি (১৩) উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের দরিদ্র অটোভ্যানচালক উজ্জ্বলের ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আতাইকুলা থানার তৈলকপি গ্রামের আবুল হোসেনের দুই ছেলে আসাদুল (৩৫) ও আশরাফুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুলছাত্র রনি ছুটির অবসরে বাবার অটোভ্যান চালাত।
গত রোববার অটোভ্যান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানা যায়, সাঁথিয়ার বাজারের অর্জুন নামে এক মেকার রনির অটোটি ক্রয় করেন এবং বিক্রেতার ছবিও মোবাইলে ধারণ করে রাখেন। বিষয়টি থানা পুলিশকে জানালে সেই ছবি দেখে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে ওই তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাঁথিয়া যাওয়ার কথা বলে অটোভ্যান ভাড়া নিয়ে পথিমধ্যে রনিকে হত্যা করা হয়। তাদের দেয়া তথ্যমতে, সাঁথিয়া থানা পুলিশ সোমবার সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগন্নাথপুর শ্মশানঘাটের জঙ্গল থেকে গলায় গামছা মোড়ানো অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়। সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রনির মা জোলেখা খাতুন বাদী হয়ে সাঁথিয়ায় একটি হত্যা মামলা করেছেন।

No comments:

Post a Comment