Sunday, January 7, 2018

উন্নয়ন চাই তবে মানুষের ক্ষতি করে নয় : সৈয়দ আবুল মকসুদ

বাপার সহসভাপতি ও বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু তা মানুষের ক্ষতি করে নয়। আমরা অর্থনৈতিক উন্নয়ন করব, কিন্তু পরিবেশকে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশে কয়লার ব্যবহার : গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ওপর সম্ভাব্য প্রভাব’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক ডা: মো: আব্দুল মতিন। মূল বক্তব্য উপস্থাপন করেন ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়কারী ও বাপার যুগ্মসম্পাদক শরীফ জামিল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) অস্ট্রেলিয়া শাখার সমন্বয়ক কামরুল আহসান খান। সৈয়দ আবুল মকসুদ বলেন, সভ্যতার ইতিহাস ও কয়লার ইতিহাস সমার্থক। মানবসভ্যতার ইতিহাসে কয়লার ভূমিকা অনস্বীকার্য। তবে বর্তমানে কয়লা ছাড়া আরো অনেক উপাদান সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখছে। কয়লা ছাড়াও উন্নয়ন সম্ভব। উন্নয়নে কয়লা যতটা না ভূমিকা রাখছে, তার চেয়ে পরিবেশের ক্ষতি করছে বেশি। উন্নয়ন ও পরিবেশের মধ্যে পরিবেশকে অগ্রাধিকার দিতে হবে। উন্নত দেশগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিরুৎসাহিত করা হচ্ছে। চীন সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বন্ধ করে দিয়েছে। এখন কেউ যদি বলে আমরা ধারাবাহিকভাবে মানুষ ও পরিবেশের ক্ষতি করে অর্থনৈতিকভাবে লাভবান হবো, তা হবে বড় ধরনের বুদ্ধিহীনতার পরিচয়। কোনো প্রকল্পই কয়লাভিত্তিক করা যাবে না, এটাই সরকারের কাছে আবেদন। মূল প্রবন্ধে শরীফ জামিল বলেন, কয়লা একটি মারাত্মক দূষক। বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য উপায় থাকা সত্ত্বেও কয়লার ব্যবহার ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে সুন্দরবন, কুয়াকাটা ও কক্সবাজারের মতো প্রাকৃতিক সম্পদগুলোর ওপর হুমকি সৃষ্টি হওয়া উদ্বেগজনক। আমাদের এই ছোট্ট কিন্তু জনবহুল দেশটির উন্নয়ন আকাক্সা মেটানোর এই প্রক্রিয়া আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য সঙ্কট আরো ঘনীভূত করবে। সারা বিশ্বের কয়লাবিরোধী অবস্থান একবারেই মূল্যহীন, এটা ভাবা অবান্তর। তিনি বলেন, আমরা কোনো ক্রমেই বিদ্যুৎ ও উন্নয়নের বিরোধী নই। আমরা শুধু এর প্রবল নেতিবাচক দিকটির প্রতি সরকার, রাজনীতিবিদ ও আপামর দেশবাসীর জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।

No comments:

Post a Comment