Sunday, January 7, 2018

ধামরাইয়ে ২ সিকিউরিটি গার্ডের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর-ঢালারপাড় এলাকায় একটি আধাপরিত্যক্ত ফ্যাক্টরির ভেতর থেকে রাজা মিয়া ও সহিদুল ইসলাম নামে দুই সিকিউরিটি গার্ডের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বালাম মোল্লা নামে এক সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর-ঢালারপাড় এলাকায় অ্যালাইড কেমিক্যাল ফ্যাক্টরি (রঙ তৈরির কারখানা) বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে। ওই বন্ধ ফ্যাক্টরির দেখাশোনা করেন রাজা মিয়া (৫৫), সহিদুল ইসলাম (৩৫) ও বালাম মোল্লা নামে তিন সিকিউরিটি গার্ড। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই ফ্যাক্টরিতে হানা দিয়ে রাজা মিয়া (৫৫) ও সহিদুল ইসলাম (৩৫) নামে দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে মাথা থেঁতলিয়ে, গলা কেটে কুপিয়ে হত্যা করে ফ্যাক্টরির ভেতরেই লাশ ফেলে চলে যায়। প্রাণে বেঁচে যাওয়া বালাম মোল্লা সিকিউরিটি গার্ড ওই সময় ভয়ে পালিয়ে ছিল বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা গেলেও পুরো পরিচয় জানা যায়নি। ঢাকা জেলা পুলিশ সুপার, সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও ধামরাই ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment