Monday, January 8, 2018

স্টুয়ার্ট বিমানবন্দর উন্নয়ন ৩৪ মিলিয়ন ডলারের প্রস্তাব কুমোর

নিউইয়র্ক শহরের উত্তরে স্টুয়ার্ট বিমানবন্দর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে ৩৪ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) গত ৩০ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউইয়র্ক শহরের স্টুয়ার্ট বিমানবন্দর আধুনিকায়নে একটি বড় প্রকল্প গ্রহণের কথা ভাবছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৩০ ডিসেম্বর ৩৪ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো। ২০১৮ সালের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। অ্যান্ড্রু কুমো জানান, স্টুয়ার্ট বিমানবন্দর থেকে আরও বেশিসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার লক্ষ্য নেওয়া হয়েছে। এ জন্য বড় একটি তহবিল প্রয়োজন। এ আধুনিকায়ন, সম্প্রসারণ কার্যক্রমের জন্য নিউইয়র্ক ও নিউজার্সিকে সংশ্লিষ্ট তহবিলে ২৭ মিলিয়ন ডলার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আর বাকি অর্থ বেসরকারি খাত থেকে বিনিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন। স্টুয়ার্ট ফিল্ডের এই বিমানবন্দরের নাম বদলে নিউইয়র্ক ইন্টারন্যাশনাল করা হতে পারে বলেও জানিয়েছেন কুমো। এরই বিমানবন্দরটি থেকে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। গত গ্রীষ্মেই বিমানবন্দরটি থেকে আয়ারল্যান্ডের বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড, ডাবলিন ও শ্যানন এবং স্কটল্যান্ডের এডিনবার্গে ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এ সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাই নিয়েছেন কুমো। বিমানবন্দরটির আধুনিকায়নে কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। এর আওতায় ৭ মিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে, যার দ্বারা বিমানবন্দরের মূল টার্মিনালের বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার সিস্টেম গড়ে তোলা হচ্ছে।

No comments:

Post a Comment