Saturday, February 3, 2018

সুন্দরবনে হরিণের চামড়া-মাথা ও কাকড়া পোনা জব্দ

সুন্দরবন থেকে হরিণের চামড়া, মাথা, কাকড়া ও বাগদা চিংড়ি পোনা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার গভীর রাতে পৃথক অভিযানে সুন্দরবনের কালাবগী খাল এবং জোড়শিং এলাকার সাতবাড়িয়া নদী হতে ওই মালামাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় অপরাধীদের কাউকে আটক করা যায়নি বলে জানান মংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে খুলনা জেলার দাকোপ থানার কালাবগী খাল এলাকা হতে দুটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। একই সময় খুলনার কয়রা থানার জোড়শিং এলাকাধীন সাতবাড়িয়া নদী হতে ৫০০ কেজি কাকড়া ও ৫০ হাজার বাগদা পোনা জব্দ করা হয়। কোস্টগার্ডের কর্মকর্তা আরও জানান, অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পাচারকারীরা হরিণের চামড়াগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত হরিণের চামড়া ও মাথা সুন্দরবনের হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে এবং কাকড়া ও বাগদা পোনাগুলো স্থানীয় বনবিভাগের উপস্থিতে নদীতে অবমুক্ত করা হয়েছে।

No comments:

Post a Comment