Wednesday, February 7, 2018

মালদ্বীপে সেনা পাঠাবে না ভারত

মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন দেশে জরুরি অবস্থা ঘোষণা করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সরকার পরবর্তী পদক্ষেপ কী হবে, তাই নিয়ে ভাবছে। দ্বীপরাষ্ট্রটিতে সেনা পাঠানো কোনো বিকল্প উপায় হতে পারে না।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারত সরকার বুধবার বলেছে, প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা ঘোষণায় তারা বিরক্ত। রাজনৈতিক সংকট মোকাবিলায় মালদ্বীপ সরকার দেশটির প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদ, সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমসহ সাতজনকে গ্রেফতার করেছে। এদিকে মালদ্বীপের রাজনৈতিক সংকট সমাধান ও কারাবন্দি নেতাদের মুক্ত করতে ভারতের হস্তক্ষেপ চেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ। তিনি বর্তমানে শ্রীলংকায় স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। টুইটারে নাশিদ বলেন, বিচারক, রাজনৈতিক বন্দি ও সাবেক প্রেসিডেন্ট গাইয়ুমকে মুক্ত করতে আমরা ভারত সরকারকে তাদের সেনাবাহিনী সমর্থিত প্রতিনিধি মালদ্বীপে পাঠাতে আহ্বান জানাচ্ছি। তাদের মালদ্বীপে আসার অনুরোধ জানাচ্ছি। ভারত সরকারের এক সূত্র জানায়, তারা চায়, আমরা সেখানে যুদ্ধজাহাজ ও সেনাবহর পাঠাই। কিন্তু আমরা সেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা বাড়াতে কোনো সামরিক হস্তক্ষেপ করতে চাই না। প্রেসিডেন্ট ইয়ামিন আমাদের প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হবে, তার কোনো নিশ্চয়তা নেই। সূত্র জানায়, নিষেধাজ্ঞার মাধ্যমে ইয়ামিন সরকারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কাজ করে যেতে চায় ভারত।

No comments:

Post a Comment