Thursday, March 15, 2018

বরগুনা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১৭ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বরগুনা-বরিশাল ও কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবৈধ বাস মালিক সমিতির পথে পথে চাঁদাবাজি, বাস চলাচলে বাধা ও মহাসড়কে হাইকোর্টের রায় অনুযায়ী থ্রি হুইলার বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বরগুনায় আজ বুধবার সকাল ৬টা থেকে ১৭টি রুটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বুধবার সকাল ৬টা থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদ। একারণে ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের যাত্রিরা। বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু জানান, বরগুনা-সুবিদখালী হয়ে বরিশাল যাওয়ার রাস্তাটিতে অবৈধ মালিক ও শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি করে আসছে কিছু লোক। তাদের ইচ্ছে মতো বাস আটকিয়ে রাখে। বাস শ্রমিকদের মারধর করে একই সাথে বাস ভাংচুর করে তারা। যাতে যাত্রীদের হয়রানির শিকার হতে হয়। আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি ও মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের জেলা সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণ সবকটি রুটের অবরোধ চলবে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো: মোখলেছুর রহমান বলেন, পরিবহন ধর্মঘট বিভাগীয়ভাবে চলছে। আমরা যাত্রি সেবায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো বলে আশা করি।

No comments:

Post a Comment