
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল আবেদন করেছে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ
আবেদনটি দাখিল করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। লিভ টু
আপিল দায়েরের পর খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, আবেদনে লিভ টু আপিলের
নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিতের আর্জি জানানো
হয়েছে। সেই সাথে খালেদা জিয়ার জামিন স্থগিতের মেয়াদ বৃদ্ধিরও আবেদন জানানো
হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪
সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ খালেদা জিয়ার জামিন আগামীকাল রোববার পর্যন্ত
স্থগিত করেন। সেই সাথে এ সময়ের মধ্যে লিভ টু আপিল দায়ের করতে দুদককে
নির্দেশ দেন। সে নির্দেশের প্রেক্ষিতে আজ দুদকের পক্ষ থেকে এ আবেদন দাখিল
করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫
বছরের কারাদণ্ড দেয় ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।
রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারারসন খালেদা জিয়া। নিম্ন আদালত থেকে ওই
মামলার নথি হাইকোর্টে আসার পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি
সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ গত ১২ মার্চ খালেদার চার মাসের অন্তবর্তী
জামিন মঞ্জুর করেন। সঙ্গে সঙ্গে তার আপিল শুনানির জন্য ওই সময়ের মধ্যে
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে পেপারবুক প্রস্তুত করারও নির্দেশ দেন। পর
দিন ১৩ মার্চ খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়
রাষ্ট্রপক্ষ। তবে খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে
রাষ্ট্রপক্ষের করা আবেদনের ব্যাপারে কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য আপিল
বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তবে গতকাল বুধবার প্রধান বিচারপতি
সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ খালেদা জিয়ার
জামিন ১৮ মার্চ রোববার পর্যন্ত স্থগিত করেন।
No comments:
Post a Comment