Tuesday, March 6, 2018

উড়ন্ত বিমানে বাংলাদেশি তরুণের বিচ্ছিরি কাণ্ড

উড়ন্ত বিমানে মাঝেমধ্যেই দু-একজন বেয়াড়া যাত্রী নানা অঘটন ঘটিয়ে সংবাদের শিরোনাম হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সম্ভবত নিকট অতীতের সবাইকে ছাড়িয়ে গেছে কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী এক বাংলাদেশি তরুণ। বিবস্ত্র হয়ে পর্নো দেখাসহ সে এমন সব কাণ্ড ঘটিয়েছে, যা বিশ্বাস করাও কঠিন। তার এই কুকীর্তি ডেইলি মেইল, ব্যাংকক পোস্ট, এনডিটিভিসহ বিশ্বের বহু গণমাধ্যমের 'মুখরোচক' খবরের জোগান দিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মালিন্দ এয়ারের ওডি ১৬২ ফ্লাইটে। অভিযুক্ত তরুণের নাম দিদার আলী মাহমুদ (২০)। বিমানটি তখন ৩৯ হাজার ফুট উচ্চতায়। দিদার নগ্ন হয়ে ল্যাপটপে পর্নো দেখতে শুরু করে। কিছুক্ষণ পর নগ্ন অবস্থায়ই আসন থেকে উঠে টয়লেটে যায় দিদার। পরে টয়লেট থেকে আসনে ফিরে সেখানেই মূত্রত্যাগ করে। তার কুকর্মের এখানেই শেষ নয়। অন্য যাত্রীদের অভিযোগ পেয়ে দিদারকে কাপড় পরতে বলায় এক বিমানবালাকে জড়িয়ে ধরার চেষ্টা করে সে। তাতে ব্যর্থ হয়ে তার ওপর চড়াও হয়। পরে অন্য যাত্রীদের সহায়তায় বিমানবালারা একটি কাপড় দিয়ে তার হাত বেঁধে ফেলেন।
দিদার রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা ফারুক আল মাহমুদের ছেলে। বিমানবন্দর এপিবিএন পুলিশের সিনিয়র এএসপি জিয়াউল হক সমকালকে বলেন, ঢাকায় দিদারকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। খবর পেয়ে বিমানবন্দরে ছুটে আসেন তার বাবা ফারুক আল মাহমুদ। দিদার মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। ঢাকা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম বিবিসি বাংলাকে জানান, পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে থানা হাজতে রাখা হয়। হাজতে অধিকাংশ সময় সে অস্বাভাবিক আচরণ করছিল। বিমানবন্দর পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন। মালয়েশিয়ায় তার পরিচিত একজন বিবিসিকে জানান, দিদার 'মানসিকভাবে অসুস্থ'। গত বছর মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করার সময় থেকেই তার মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ প্রকটভাবে দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের মানসিক চিকিৎসকের কাছে একাধিকবার সহায়তা নিয়েছে সে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপ নিতে পারত না সে। ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে সে সাইবারজায়ায় নিজের বাসায় ভাংচুর করে। দিদারের ছবি এরই মধ্যে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যৌথ মালিকানাধীন মালিন্দ এয়ার তাদের ফেসবুক পেজে এ ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে নিরাপদ ভ্রমণ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে।

No comments:

Post a Comment