Friday, November 30, 2012

টিকিট নিয়ে হাহাকার খুলনায়

রাশিদুল ইসলাম, খুলনা থেকে: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ক্রিকেট খেলার ওয়ানডে টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়াকে নিয়ে খুলনা জুড়ে ছিল আলোচনার ঝড়। টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে দিন-রাত অপেক্ষা করেও টিকিট পায় নাই ক্রিকেটপ্রেমীরা। অপরদিকে সরকারি দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে টিকিট জালিয়াতির অভিযোগ তুলছে খোদ মাঠপর্যায়ের নেতাকর্মীরা। দলীয় লোকদের আবদার পূরণ করতে না পেরে মোবাইল ফোন বন্ধ রাখছেন অনেকেই। তবে গতকাল ব্যাংক ও বিসিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন টিকিট বিক্রি না করলেও স্টেডিয়াম এলাকায় উঠতি বয়সী যুবকদের চড়া মূল্যে টিকিট বিক্রি করতে দেখা গেছে।  ৫০ টাকার টিকিট ২শ’ টাকা থেকে শুরু করে ৫শ’ টাকা, ২শ’ টাকার টিকিট ৫শ’ থেকে ১ হাজার টাকা, ৩শ’ টাকার টিকিট ৬শ’ থেকে দেড় হাজার টাকা, ১ হাজার টাকার টিকিট ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাদা পোশাকধারী কিছু সংখ্যক সদস্য কাউন্টারের সামনে পুলিশের লাঠিচার্জের সময় কৌশলে টিকিট হাতিয়ে নিয়েছে। এভাবে একই ব্যক্তি একাধিকবার হট্টগোলের মাঝে টিকিট কিনে নেয়। তারাই গতকাল নগরীর বিভিন্ন পয়েন্টে চড়া মূল্যে বিক্রি করে। স্টেডিয়াম এলাকায় কালোবাজারীদের কাছ থেকে টিকিট কিনেছে এমনই একজন খুলনা আজম খান কমার্স কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মাহমুদ হোসেন জানান, ২শ’ টাকার টিকিট ৭শ’ টাকা দিয়ে কিনেছি। একদিন একরাত লাইনে দাঁড়িয়েও টিকিট পাইনি। তাই বেশি টাকা দিয়ে টিকিট কিনতে বাধ্য হলাম। একইভাবে কথা হয় একটি বেসরকারি সংস্থায় কর্মরত নজরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মঙ্গলবার দিনরাত লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকালে যখন টিকিট কাউন্টারের সামনে এসেছি তখনই পুলিশের বেদম লাঠিচার্জে লাইন ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় সাদা পোশাকধারী পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে একেকজন ১৫/২০টি করে টিকিট নেয়। তারাই আবার বেশি দামে সেই টিকিটগুলো বিক্রি করে। শখ পূরণের জন্য ৫০ টাকার একটি টিকিট ৪শ’ টাকা দিয়ে আমি কিনেছি। এভাবে অনেকেই গতকাল খুলনা স্টেডিয়াম এলাকার আশপাশ থেকে টিকিট কিনেছেন।

No comments:

Post a Comment