সুইডেনের রাজধানী স্টকহোমে এক সপ্তাহের দাঙ্গার পর পরিস্থিতি স্বাভাবিক
অবস্থায় ফিরেছে বলে পুলিশ দাবি করেছে। তবে রাজধানীর অভিবাসী-অধ্যুষিত
কয়েকটি শহরতলিতে গতকাল মঙ্গলবার ভোরেও কয়েকটি গাড়িতে আগুন দেওয়া
হয়েছে। স্টকহোম পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আমরা স্বাভাবিক অবস্থায়
ফিরে এসেছি। এখন কোনো দাঙ্গা হচ্ছে না। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি গাড়িতে
আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।’ এ ছাড়া সুইডেনের অন্য কোনো শহরে অস্থিরতার খবর
পাওয়া যায়নি বলে তিনি জানান। ১৯ মে স্টকহোমের অভিবাসী-অধ্যুষিত হাসবি
শহরতলিতে দাঙ্গার সূত্রপাত হয়। এরপর সপ্তাহজুড়ে দেড় শতাধিক গাড়ি ও বহু
ভবনে আগুন দেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে সেখানে ৬৯ বছরের এক ব্যক্তিকে
গুলি করে হত্যা করে পুলিশ। এর পরই দাঙ্গা শুরু হয়। এক পর্যায়ে রাজধানীর
বাইরেও কয়েকটি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মীরা বলছেন, ওই
হত্যার প্রতিবাদে অর্থনৈতিক বঞ্চনার শিকার অভিবাসী তরুণদের মধ্যে ক্ষোভের
সৃষ্টি হয়। এর সঙ্গে যোগ হয় পুলিশের নির্মমতা ও বর্ণবাদের অভিযোগ। গত শুক্রবার থেকে স্টকহোমে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে দাঙ্গা স্তিমিত হয়ে আসে।
শান্তি ও সাম্যের দেশ হিসেবে সুইডেনের বিশেষ খ্যাতি থাকলেও এ দাঙ্গার
কারণে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিক বৈষম্য ও
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অভিবাসীদের মধ্যে বঞ্চনার বোধকে এই দাঙ্গার
জন্য অনেকাংশে দায়ী করা হচ্ছে। এএফপি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment