নিউজিল্যান্ডের নাগরিক এডমন্ড হিলারি এবং নেপালি শেরপা তেনজিং নোরগে আজ
থেকে ৬০ বছর আগে প্রথম পা রেখেছিলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
এভারেস্টে। দিনটি ছিল ১৯৫৩ সালের ২৯ মে। এভারেস্ট বিজয়ের ৬০ বছরপূর্তি
উপলক্ষে নেপালে আয়োজিত চার দিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষ হয়েছে গতকাল
বুধবার। গতকাল রাজধানী কাঠমান্ডুতে ঘোড়ায় টানা রথযাত্রায় যোগ দেন
হিলারির নাতনি, তেনজিংয়ের নাতি, ইতালির পর্বতারোহী রেইনহোল্ড মেসনারসহ
বিশ্বের খ্যাতিমান পর্বতারোহীরা। তাঁদের সম্মানে গতকাল রাতে আয়োজন করা হয়
এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের। বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে হিলারির
ছেলে পিটার বলেন, ‘মানুষ তখন জানত না, কী আছে সেখানে (এভারেস্ট চূড়া)।
তারা জানত না, সেখানে পৌঁছানোর পর মানুষ সুস্থ থাকতে পারবে কি পারবে না বা
আদৌ সেখানে পৌঁছানো সম্ভব কি না।’ নেপালের সরকারি তথ্যমতে,
হিলারি-তেনজিংয়ের বিজয়ের পর থেকে গত ৬০ বছরে এভারেস্ট চূড়ায় পা রেখেছেন
সাড়ে তিন হাজারের বেশি মানুষ। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ২৯ ফুট উচ্চতার
ওই চূড়ায় শুধু চলতি মৌসুমেই পা রেখেছেন ৫৪০ জন। এঁদের মধ্যে একজনের বয়স
ছিল ৮০ বছরের বেশি। ছিলেন সৌদি আরব ও পাকিস্তানের প্রথম নারী, দুই হাতবিহীন
এক ব্যক্তি এবং প্রথম কৃত্রিম পা নিয়ে ওঠা এক নারী। এভারেস্ট জয়ের
হীরকজয়ন্তী উপলক্ষে লন্ডনেও গতকাল আয়োজন করা হয় অনুষ্ঠানের। রয়েল
জিওগ্রাফিক্যাল সোসাইটি আয়োজিত ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের রানি দ্বিতীয়
এলিজাবেথ, হিলারির ছেলে পিটার এবং তেনজিংয়ের ছেলে জামলিংয়ের যোগ দেওয়ার
কথা ছিল।নিউজিল্যান্ডের অকল্যান্ড জাদুঘর আয়োজন করেছিল এক প্রদর্শনীর।
সেখানে ছিল হিলারির ছবি, তাঁর পাওয়া পদক এবং এভারেস্ট অভিযানে ব্যবহূত
বিভিন্ন সরঞ্জাম।এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment