Thursday, May 30, 2013

ইরাকে সংঘর্ষে ৪৫ জন নিহত

ইরাকে গত মঙ্গলবার পৃথক কয়েকটি সহিংসতায় ৪৫ জন নিহত হয়েছে। এ নিয়ে চলতি মে মাসে দেশটিতে সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৮ জনে। সহিংস ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ইরাকে সর্বাত্মক উপদলীয় সংঘাত বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গুলিবর্ষণ ও বোমা হামলার বিভিন্ন ঘটনায় মঙ্গলবার প্রায় ১০০ লোক আহতও হয়। এদিনের সবচেয়ে মারাত্মক সহিংস ঘটনাগুলো ঘটে রাজধানী বাগদাদে। এখানে কয়েকটি বোমা হামলায় নিহত হয় ১৮ জন। নগরের উত্তরে এক আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারায় আরও চারজন। দেশের উত্তরাঞ্চলীয় প্রধান নগর মসুলে বোমা হামলা ও বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১১ জন। এদের মধ্যে গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একজন উপজাতীয় নেতা রয়েছেন। মধ্য ইরাকের বাকুবা, বেইজি ও তিকরিতে হামলায় নিহত হয়েছে আরও ১২ জন। সহিংসতার লাগাম টেনে ধরার পথ খুঁজতে একই দিন ইরাকের মন্ত্রিসভার সদস্যরা বৈঠক করেন। এদিকে জাতিসংঘ বিবদমান রাজনৈতিক নেতাদের বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে। এই বিরোধের কারণে সরকার এখন কার্যত অচল। এএফপি।

No comments:

Post a Comment