ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়া
সিরিয়া সরকারের কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে ‘ব্যবস্থা নেওয়া’ হবে।
বাইরের হস্তক্ষেপ ঠেকাতেই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে—রাশিয়া এ
ঘোষণা দেওয়ার পর গত মঙ্গলবার ইসরায়েল এই হুঁশিয়ারি দিল। ইসরায়েলের
প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন বলেন, ‘রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার
আল-আসাদকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে ‘কী করতে হবে, তা ইসরায়েলের ভালো করে
জানা আছে’। তিনি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া এখনো ক্ষেপণাস্ত্র পাঠায়নি।
আশা করছি, মস্কো এ কাজ করবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যদি সিরিয়ায়
ক্ষেপণাস্ত্র পৌঁছে যায়, তাহলে কী করতে হবে, তা আমাদের জানা আছে।’
ইসরায়েলের গোয়েন্দা ও কৌশলবিষয়ক মন্ত্রী ইউভাল স্টেনিত্জও সিরিয়ার
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সিরিয়ায়
ক্ষেপণাস্ত্র পাঠানো হবে রাশিয়ার ‘নৈতিক ভুল’। রাশিয়া বলেছে, তাদের এস
৩০০ মডেলের ক্ষেপণাস্ত্র সিরিয়ায় সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। মস্কো
উল্লেখ করেছে, সিরিয়ায় সহিংসতা শুরুর আগেই দুই দেশের মধ্যে এ
ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য চুক্তি হয়েছে। এদিকে সিরিয়ার চারটি গোষ্ঠী
অভিযোগ করেছে, প্রধান সরকারবিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন তৃণমূলের জনগণের
চাওয়া বুঝতে এবং তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে। এই চার গোষ্ঠী ওই জোটে
অংশগ্রহণ করতে চায়। বাশারবিরোধী আরেক নেতা মিশেল কিলো বিরোধীদের কঠোর সমালোচনা
করে বলেছেন, ‘আসল সমস্যা জোটের মধ্যেই। কারণ, প্রায় এক সপ্তাহ আলোচনা
করেও তারা কোনো বিষয়ে একমত হতে পারছে না।’ গত বৃহস্পতিবার থেকে তুরস্কের
ইস্তাম্বুলে আলোচনায় বসেছে বাশারবিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশন।
অন্যদিকে প্রেসিডেন্ট বাশারের পক্ষে যুদ্ধ বন্ধ করতে
লেবাননভিত্তিক শিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন
সিরীয় বিদ্রোহীদের কমান্ডার সেলিম ইদ্রিস। তিনি বলেন, ‘এই সময়ের মধ্যে
হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ না করলে তাঁদের খুঁজে বের করে হত্যা করা হবে।’ ইসরায়েলের মহড়া: ‘সম্ভাব্য আঞ্চলিক
অস্থিতিশীলতা’ মোকাবিলায় ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার জেরুজালেমের কাছে
একটি আবাসিক এলাকায় রাসায়নিক হামলা মোকাবিলার মহড়া পর্যবেক্ষণের সময়
তিনি এ কথা বলেন। নেতানিয়াহু বলেন, ‘আমরা আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা
করছি।’ এর আগে সরকারি বেতারে দেওয়া এক ভাষণে ইসরায়েলের
প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিপরিষদকে সিরিয়ার কাছে রাশিয়ার অস্ত্র সরবরাহ
নিয়ে নীরব থাকার নির্দেশ দেন।
রাশিয়ার সমালোচনা: জাতিসংঘের
মানবাধিকারবিষয়ক কাউন্সিলে গতকাল বুধবার বিতর্ক শুরুর আগে সিরিয়ার
সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। যুক্তরাষ্ট্রের সমর্থিত এই
নিন্দা প্রস্তাবের সমালোচনা করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এ ধরনের কাজ সিরিয়ায়
রক্তপাত বন্ধের উদ্যোগ হিসেবে আসন্ন আন্তর্জাতিক শান্তি সম্মেলনকে
ক্ষতিগ্রস্ত করবে। এএফপি ও রয়টার্স।
No comments:
Post a Comment