Friday, May 31, 2013

রুশ ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা জানালেনবাশার

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল বৃহস্পতিবার লেবাননের কট্টরপন্থী শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা জানান। সিরিয়াকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে। আল-মানার টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাশারকে প্রশ্ন করা হয়, রাশিয়া প্রতিশ্রুতিমতো সিরিয়াকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এস-৩০০ দিয়েছে কি না। এর জবাবে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। চুক্তির আওতায় কিছু ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে পাওয়া গেছে। গতকাল এই সাক্ষাৎকার প্রচার করে আল-মানার। সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনেরও প্রেসিডেন্ট বাশারের এই সাক্ষাৎকার প্রচার করার কথা। রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাশারের এই বক্তব্যের ব্যাপারে ইসরায়েল গতকাল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বাশার আসলে কী বলেছেন, তা আমরা এখনো জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ এর আগে সিরিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। কুশায়েরে সাহায্য চায় বিদ্রোহীরা: এদিকে সিরিয়ার কুশায়ের শহরে বাশার বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ে আহত এক হাজার বেসামরিক নাগরিকের জন্য চিকিৎসার সহায়তা চেয়েছে বাশারবিরোধী প্রধান জোট ন্যাশনাল কোয়ালিশন। শান্তি সম্মেলন নিয়ে মতৈক্য হয়নি: জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ-কারীদের ব্যাপারে এখনো একমত হতে পারেনি  পরাশক্তিগুলো। সম্মেলন অনুষ্ঠানের তারিখও ঠিক হয়নি। অংশ নেবে না বিদ্রোহীরা: সিরিয়ার পশ্চিমা-সমর্থিত প্রধান বিদ্রোহী গোষ্ঠী গতকাল বলেছে, তারা যুক্তরাষ্ট্র-রাশিয়া প্রস্তাবিত সিরিয়াসংক্রান্ত শান্তি আলোচনায় অংশ নেবে না। দেশটিতে নৃশংস হত্যাকাণ্ড চলার মধ্যে বিদ্রোহীরা শান্তি আলোচনার প্রতি এ অনাগ্রহের কথা জানাল। সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের মুখপাত্র খালিদ সালেহ ওই কথা জানিয়ে বলেন, সিরিয়ায় ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ‘আগ্রাসনের’ প্রেক্ষাপটে তাঁরা সংকট নিয়ে কোনো আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকেও সমর্থন করবেন না। বাশারবিরোধীদের দুষছে রাশিয়া: রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ায় সহিংসতা বন্ধে শান্তি সম্মেলনের পরিকল্পনা নস্যাতের চেষ্টা করছে সিরিয়ার বিদ্রোহীরা। কারণ, তারা ‘অবাস্তব’ কিছু দাবি তুলে ধরছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘আমরা দেখছি বাশারবিরোধী জোট ও তাদের আঞ্চলিক কিছু পৃষ্ঠপোষক এই রাজনৈতিক প্রক্রিয়া নস্যাৎ করতে সবকিছুই করে যাচ্ছে। এএফপি, এপি,  রয়টার্স।

No comments:

Post a Comment