Thursday, May 30, 2013

পাকিস্তানে আবার ড্রোন হামলা শীর্ষ তালেবান নেতা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল বুধবার মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) থেকে চালানো দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। মিরানশাহ শহরের কাছে চাশমা গ্রামের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে পাকিস্তানি তালেবানের একজন শীর্ষ নেতা রয়েছেন। তাঁর নাম ওয়ালিউর রহমান। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে পরিচিত। ড্রোন কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ নির্দেশনা ঘোষণার এক সপ্তাহের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। ওবামা বলেছেন, কঠোর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত হয়ে এবং বেসামরিক হতাহতের আশঙ্কা এড়িয়ে ড্রোন হামলা চালাতে হবে। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার মধ্য দিয়ে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানা হয়েছে। পাকিস্তানের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের পর সে দেশে এটাই প্রথম ড্রোন হামলার ঘটনা। ভাবী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সম্প্রতি মার্কিন ড্রোন হামলাকে পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য ‘চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ড্রোন হামলা নিয়ে পাকিস্তানের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের একটি বড় কারণ ড্রোন হামলা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকালের ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে এই ড্রোন হামলার নিন্দা জানাই আমরা।’ উত্তর ওয়াজিরিস্তান-সংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসেছে গতকাল। সেদিনই ড্রোন হামলা চালানোয় ক্ষমতাসীনদের মধ্যে ক্ষোভ কাজ করছে। খাইবার পাখতুনখাওয়া বর্তমানে ইমরান খানের দল পিটিআই শাসন করছে। দলটি গোড়া থেকেই ড্রোন হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই হামলা পাকিস্তানের নবনির্বাচিত সরকারের জন্য একটি আগাম বার্তা। পাকিস্তান সরকার নিজেই জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত ড্রোন হামলা অব্যাহত থাকবে, গতকালের হামলার মধ্য দিয়ে এমন একটি বার্তাই ইসলামাবাদকে দিল ওয়াশিংটন। বিবিসি, এএফপি ও ডন।

No comments:

Post a Comment