Friday, May 31, 2013

এক মৌসুমে দুদিক থেকে এভারেস্ট জয়ের রেকর্ড

একই মৌসুমে পর্বতের দুই দিক থেকে এভারেস্ট জয়ের রেকর্ড করেছেন মেক্সিকোর পর্বতারোহী ডেভিড লিয়ানো গঞ্জালেস। ১১ মে প্রথমে দক্ষিণ দিক (নেপাল) থেকে এবং কয়েক দিন পর ১৯ মে উত্তর দিক (তিব্বত) থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন ৩৩ বছর বয়সী গঞ্জালেস। এক মৌসুমে দুই দিক থেকেই শিখর জয়ের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম উঠেছে গঞ্জালেসের। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি অনুষ্ঠানে গিনেস কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গঞ্জালেস বলেন, ‘আমি এ রেকর্ড গড়তে পেরে খুব খুশি।’ এ নিয়ে পাঁচবার এভারেস্টে উঠলেন ডেভিড লিয়ানো গঞ্জালেস। হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পাহাড় আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট) উঁচু এভারেস্টে ওঠার অন্তত চারটি পথ রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ব্যবহূত পথ হচ্ছে নেপালের অংশের দক্ষিণ-পূর্ব এবং চীনের তিব্বতের অংশের উত্তর-পূর্ব ঢালের পথ। তুলনামূলক অনুকূল আবহাওয়ার জন্য প্রতিবছর এপ্রিলের শেষ দিকে এভারেস্ট আরোহণের মৌসুম শুরু হয়। গত বুধবার নেপালে ঘটা করে এভারেস্টজয়ের ৬০ বছর পূর্তি উদ্যাপিত হয়। ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের নাগরিক এডমন্ড হিলারি ও নেপালের শেরপা তেনজিং নোরগা প্রথম এভারেস্ট চূড়ায় পা রাখেন। এএফপি।

No comments:

Post a Comment