Tuesday, May 28, 2013

আফগানিস্তানে নতুন ভোটার নিবন্ধন শুরু

আফগানিস্তানে নতুন ভোটার নিবন্ধন শুরু হয়েছে। আগামী বছর প্রেসিডেন্ট হামিদ কারজাই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর যে নির্বাচন হওয়ার কথা তাকে সামনে রেখে গত রোববার থেকে এই নিবন্ধন হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই কার্যক্রমের মাধ্যমে ৪০ লাখ নতুন ভোটার নিবন্ধিত হবেন। আগামী এপ্রিলে নির্বাচন হওয়ার কথা। তবে অনেকের আশঙ্কা, তালেবানের হামলার হুমকির কারণে নির্বাচনের সময় পেছাতে হতে পারে। হামিদ কারজাই পর পর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার কারণে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আফগান নির্বাচন কমিশনের (আইইসি) প্রধান ফজল আহমেদ মানাবি রোববার কাবুলে একটি কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের বলেন, ‘আজ ভোটার নিবন্ধনকাজ শুরু করতে পেরে আমরা খুশি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে আমরা নির্বাচনের বাকি প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করব।’ তালেবানের হামলার আশঙ্কা প্রসঙ্গে আইইসি প্রধান বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের শঙ্কা আছে। আমরা পুলিশকে অনুসরণ করব। তারা যেসব এলাকায় যেতে সমর্থ হবে আমরাও সেখানে নিবন্ধনের জন্য যেতে পারব।’

No comments:

Post a Comment