Thursday, May 30, 2013

প্রতিবাদ সত্ত্বেও নিজেদের বেতন বাড়াতে চান তাঁরা

দেশে ব্যাপক সমালোচনা সত্ত্বেও কেনিয়ার পার্লামেন্ট সদস্যরা তাঁদের বেতন বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। স্থানীয় নাগরিক অধিকার সংগঠনগুলো এ ভোট নিয়ে উচ্চ আদালতে আপত্তি তুলতে পারে বলে মনে করা হচ্ছে। কেনিয়ার পার্লামেন্ট সদস্যদের বেতন বর্তমান বিশ্বে অন্যতম সর্বোচ্চ। তাঁদের মাসিক বেতন এখন ছয় হাজার ২৩৩ মার্কিন ডলার। এটি বাড়িয়ে ১০ হাজার ডলার করার পক্ষে অবস্থান নিয়েছেন এমপিরা। কেনিয়ায় বার্ষিক গড় বেতন মাত্র এক হাজার ৭০০ মার্কিন ডলার। কেনিয়ার বেতন ও ভাতাসংক্রান্ত কমিশন (এসআরসি) এমপিদের মাসিক বেতন ছয় হাজার ৩০০ মার্কিন ডলারের মধ্যে রাখার প্রস্তাব করে। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা এমপিদের বেতন কমানোর পক্ষে। তাই তিনি এমপিদের প্রতি আহ্বান জানান বেতন কম নিয়ে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দিতে। কিন্তু এমপিরা তাঁর আহ্বানে কর্ণপাত করেননি। বেতন না কমানোর পক্ষে সাফাই গেয়ে এমপিরা বলছেন, তাঁরা কঠোর পরিশ্রম করেন, তাই এটি তাঁদের প্রাপ্য। কোনো কোনো সদস্য দাবি করেন, বেতন কমানো তাঁদের জন্য অসম্মানজনক ও অবৈধ। তবে দেশজুড়ে বেতন বাড়ানোর পক্ষে এমপিদের অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। সাধারণ মানুষ তাঁদের ‘লোভী’ আখ্যায়িত করছে। উল্লেখ্য, কেনিয়ার আগের আইনসভার সদস্যরা শেষ দিকের এক অধিবেশনে নিজেদের জন্য এক লাখ সাত হাজার মার্কিন ডলার অবসরকালীন ভাতা অনুমোদন করেন। এ ছাড়া নেন বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগসুবিধা। এর মধ্যে আছে রাষ্ট্রীয় খরচে নিরাপত্তারক্ষী, কূটনৈতিক পাসপোর্ট ও বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার। কেনিয়ায় বর্তমানে সিনেটের ৬৭ ও জাতীয় পরিষদের ৩৪৯ জন মিলে মোট পার্লামেন্ট সদস্যের সংখ্যা ৪১৬ জন। বিবিসি।

No comments:

Post a Comment