যুক্তরাজ্যের একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে কয়েদিদের হামলায় দুজন
কারারক্ষী আহত হয়েছেন। কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
গণমাধ্যমের খবর, লন্ডনে সেনাসদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় উৎসাহিত হয়ে তিন
মুসলিম কয়েদি ওই হামলা চালান। এ ব্যাপারে কারা দপ্তরের একজন মুখপাত্র
বলেন, ২৬ মে ইয়র্কের কাছে ফুল সাটন কারাগারে কয়েদিরা একজন কারারক্ষীকে
প্রায় চার ঘণ্টা জিম্মি করে রাখেন এবং বেদম পেটান। পরে দাঙ্গা পুলিশ গিয়ে
তাঁকে উদ্ধার করে। মিরর পত্রিকায় বলা হয়েছে, লন্ডনে গত সপ্তাহে
সন্ত্রাসী হামলায় নিহত সেনা লি রিগবির আত্মার শান্তি কামনায় রোববার
সন্ধ্যায় কারাগারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে ওই তিন মুসলিম
কয়েদিও অংশ নেন। পরে তাঁরা এক কারারক্ষীকে অপহরণ করে নিয়ে পিটিয়ে আহত
করেন। কারারক্ষীদের ইউনিয়ন পিওএর এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘এ হামলার
ঘটনায় দুজন কারারক্ষী আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা ততটা গুরুতর নয়।
প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাঁদের ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু
তাঁরা মারা যেতে পারতেন।’ এ পর্যন্ত গ্রেপ্তার ১০: এদিকে রিগবি হত্যার জেরে
এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গত সোমবার ৫০ বছর বয়সী
এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া উত্তর লন্ডন থেকে ২২ বছরের এক
যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে
জামিন পেয়েছেন। আর কোনো ধরনের অভিযোগ দায়ের ছাড়াই দুজনকে মুক্তি দেওয়া
হয়েছে। এএফপি, বিবিসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment