Saturday, June 8, 2013

সিরিয়ার লাখো শরণার্থীর জন্য রেকর্ড অঙ্কের সাহায্য কামনা

সিরিয়ার শরণার্থীদের সহায়তার জন্য রেকর্ড অঙ্কের অর্থের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, সিরিয়ায় সংঘাত বন্ধ না হলে তা ওই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘ গত শুক্রবার জানায়, সহিংসতার কারণে দেশ ছেড়ে পালানো সিরীয় শরণার্থীদের জন্য ৩৮০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রয়োজন। আর বাস্তুচ্যুত হয়ে দেশের ভেতরেই অবস্থান করা মানুষের জন্য আলাদা করে লাগবে ১৪০ কোটি ডলার। এ অর্থের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান অ্যান্টনিও গার্টারস সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ায় সংঘাত বন্ধ না হলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সেটা মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় প্রস্তুত নয়।’ এদিকে অস্ট্রিয়া গোলান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় গত শুক্রবার সেখানে সেনা মোতায়েনের জন্য রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের কাছে প্রস্তাব দেওয়া হয়। তবে জাতিসংঘ বলেছে, এ মুহূর্তে রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়া কঠিন। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এক চুক্তি অনুযায়ী, জাতিসংঘের বাহিনীতে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কোনো দেশের সেনা সেখানে মোতায়েন করা যাবে না। তা ছাড়া কূটনীতিকেরা বলছেন, রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছে। তাই গোলান মালভূমিতে রুশ সেনা মোতায়েনের বিষয়টি সিরিয়ার বিদ্রোহী পক্ষ যে মেনে নেবে না, সেটা স্পষ্ট। এএফপি ও রয়টার্স।

No comments:

Post a Comment