Tuesday, April 15, 2014

আসর সেরা নৈপুণ্য রেজা-নাসুমের

জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)-এর ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিন সেঞ্চুরি দেখা গেল আরও ৩টি। এদিন সেঞ্চুরি হাঁকান ঢাকা বিভাগের তৈবুর রহমান, রাজশাহীর মুক্তার আলী ও রংপুর বিভাগের তানভীর হায়দার।  
আসর সেরা ব্যক্তিগত নৈপুণ্যে আলাদা আলোকিত ছিল গতকালের জাতীয় ক্রিকেট লীগ। গতকাল ব্যাট হাতে চলতি আসরের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ফরহাদ রেজা। আর আসর সেরা বোলিংয়ে ইনিংসে ৭ উইকেট নেন নাসুম আহমেদ। সাভারে বিকেএসপির মাঠে আগের দিনের ব্যক্তিগত ১৮৭ রান নিয়ে ক্রিজে যান ফরহাদ রেজা। গতকালও রেজার ব্যাটিং দেখাচ্ছিল  ক্ষুরধার। এতে গর্বের ব্যক্তিগত ২০০ রান পূর্ণ করেন রেজা দিনের প্রথম সেশনেই। আসরে এটি তৃতীয় ডবল সেঞ্চুরির ঘটনা। এর আগে জাতীয় লীগে ঢাকা বিভাগের তৈবুর রহমান ২০৭ ও মেট্রোপলিসের আসিফ আহমেদ করেন কাঁটায় কাঁটায় ২০০ রান।  কিন্তু গতকাল ব্যক্তিগত ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পরে রেজা চট্টগ্রাম বোলার আলী আকবরকে উইকেট দেন ব্যক্তিগত ২৫৯ রানে। ৭ ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী ৩৩৪ বলের ইনিংসে রেজা ৫ ছক্কার সঙ্গে বাউন্ডারি হাঁকান ৩৫ বার। রংপুরের বিপক্ষে ম্যাচে বল হাতে আগের দিনের সাফল্য জারি রাখেন সিলেট তারকা নাসুম আহমেদও। ফতুল্লায় খান সাহেব ওসমান অলী মাঠে ইনিংসে আসর সেরা বোলিংয়ে নাসুম নেন ৯৭ রানে ৭ উইকেট। চলতি জাতীয় লীগে কোন বোলারের ৭ উইকেটের কৃতিত্ব এটাই প্রথম। আসরে এর আগে পাঁচজন তারকা দেখান ৬ উইকেটের কৃতিত্ব। রাজশাহীর তিন তারকা তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, সাকলাইন সজীব, বরিশাল বিভাগের মনির হোসেন ও ঢাকা বিভাগের মোহাম্মদ শরিফ নেন এর আগে ব্যক্তিগত ৬ উইকেট।
মুক্তারের রেকর্ড ১৬ ছক্কা
গতকাল রাজশাহী বিভাগ ইনিংসে ৯ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলী তুলে নেন সেঞ্চুরি। আর সেঞ্চুরির পথে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে মুক্তার ৮ বাউন্ডারির সঙ্গে হাঁকান ১৬টি ছক্কা। এতে নিজের উইকেট দেয়ার আগে ১৪৮ বলের ইনিংসে মুক্তারের ব্যক্তিগত সংগ্রহটা দাঁড়ায় ঢাউস ১৬৮ রানের। চলতি জাতীয় লীগে ব্যক্তিগত ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড এটি। এর আগে ১৩ ছক্কায় রেকর্ড গড়েছিলেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান জিয়াউর রহমান। সিলেট বিভাগের বিপক্ষে এতে খুলনার ব্যাট হাতে ১৬৭ রানের ইনিংস খেলেন জিয়া।
জাতীয় লীগে ষষ্ঠ রাউন্ডে রাজশাহীর ব্যাটিং সূটনাটা ছিল বরং উল্টো চিত্রের। দলীয় মাত্র ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলায় তখন ধুকছিল গত টানা চারবারের চাম্পিয়ন রাজশাহী। তবে সপ্তম উইকেটে আসরের সর্বোচ্চ রানের জুটিতে ৩৪৭ রান সংগ্রহ করেন ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম। আর মুক্তার আলীর কৃতিত্বে আসরে বিরল রেকর্ডে ৭, ৮ ও ৯ নম্বর ব্যাটসম্যানকে এক ইনিংসে সেঞ্চুরি হাঁকাতে দেখলো জাতীয় ক্রিকেট লীগ।

No comments:

Post a Comment