Tuesday, April 15, 2014

ফুটবল দল কিনলেন শচীন-গাঙ্গুলী

ভারতীয় দুই ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে নিজেদের কৃতিত্বের ঝলক দেখিয়ে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তারা। 
এবার তারা শুধু ক্রিকেট নয়, ভারতীয় ফুটবলে নিজেদের যুক্ত করলেন। ফুটবলের নতুন আসর ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) দল কিনলেন শচীন-গাঙ্গুলী। ভারতীয় এ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বর-নভেম্বরে। গতকাল লীগের নির্দিষ্ট আটটি দলের মালিকানার জন্য অনুষ্ঠিত হয় নিলাম। এতে ভারতের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লড়াইয়ে নামেন শচীন-গাঙ্গুলী এবং বলিউড অভিনেতা সালমান খান, রণবীর কাপুর, জন আব্রাহামরা। নিলামে কোচি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছেন লিটল মাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। এতে শচীনের সঙ্গে দলের মালিকানা থাকছে ভারতীয় প্রতিষ্ঠান পিভিপি ভেনচার-এর। আর সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান গাঙ্গুলী পেয়েছেন কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। তার সঙ্গে মালিকানা রয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভারতীয় চার ব্যবসায়ীর। বলিউড তারকাদের মধ্যে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারখ। আর সালমান খান পুনের মালিকানা পেয়েছেন। তার সঙ্গে যৌথভাবে রয়েছেন কপিল ওয়াদাওয়ান গ্রুপের কপিল ওয়াদাওয়ান ও দিরাজ ওয়াদাওয়ান। আর গৌহাটির মালিকানা পেয়েছেন জন আব্রাহাম ও শিলং লাজং। নিলাম শেষে শচীন টেন্ডুলকার বলেন, ‘আমি যতটা সম্ভব ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে চাই। তরুণ খেলোয়াড়দের জন্য আইএসএল দারুণ জায়গা। ভাল খেলোয়াড় বের করে আনতে এটা চমৎকার প্লাটফর্ম হতে পারে। কোচির সঙ্গে থেকে ভারতে ফুটবলের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই’। ভারতীয় প্রিমিয়ার ক্রিকেট লীগের আদলে গড়া এসএলসি টুর্নামেন্টে থাকছে বিদেশী তারকা খেলোয়াড়। এ টুর্নামেন্টে খেলার তালিকায় রয়েছেন সাবেক ফরাসি খেলোয়াড় রবার্ট পিরেস, থিয়েরি অঁরি, আর্জেন্টিনার হারনান ক্রেসপো, সুইডেন ও আর্সেনালের সাবেক খেলোয়াড় ফ্রেডি লিউইনবার্গরা।

আইএসএল
দল    মালিক
ব্যাঙ্গালুরু    দি সান গ্রুপ
দিল্লি    লেড ডেন নেটওয়ার্ক
গোয়া    ভিডিওকন
গুয়াহাটি    জন আব্রাহাম
কোচি    শচীন টেন্ডুলকার
কলকাতা      সৌরভ গাঙ্গুলী
মুম্বই    রণবীর কাপুর
পুনে    সালমান খান

No comments:

Post a Comment