ইমপ্রেস টেলিফিল্মের ছবি খালিদ মাহমুদ
মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবির মাধ্যমে ১লা বৈশাখ থেকে যাত্রা শুরু করছে
ঐতিহ্যবাহী শ্যামলী প্রেক্ষাগৃহের নতুন সংযোজন শ্যামলী সিনেপ্লেক্স।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই নতুন সিনেপ্লেক্সে আসন সংখ্যা ৩০০।

টিকিটের
মূল্য রাখা হয়েছে প্রিমিয়াম ৩০০ এবং ডিলাক্স ২৫০ টাকা। অগ্রিম টিকিট
বিক্রি শুরু হয়ে গেছে। গতকাল শ্যামলী সিনেপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন
হয়েছে ‘জোনাকির আলো’ ছবির প্রিমিয়ার শো’র মধ্য দিয়ে। প্রিমিয়ার শো’তে
বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা
পরিচালক ফরিদুর রেজা সাগর, শ্যামলী সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক
আবদুল হাফিজ এবং ‘জোনাকির আলো’ ছবির পরিচালক খালিদ মাহমুদ মিঠু। অনু
মাহফুজের সঞ্চালনায় ‘জোনাকির আলো’ ছবির শিল্পী কলাকুশলীদের সঙ্গে পরিচয়
করিয়ে দেন ছবির পরিচালক। পরিচালক খালিদ মাহমুদ মিঠুর কাহিনী, চিত্রগ্রহণ ও
সম্পাদনায় নির্মিত ‘জোনাকির আলো’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন,
বিদ্যা সিনহা সাহা মীম, কল্যাণ, মিতা চৌধুরী, তারিক আনাম খান, মাসুদ আলী
খান, গাজী রাকায়েত, শামস সুমন, করভি মিজান, পুতুল, অনিরা মিঠু এবং ফারহানা ও
দিতি। প্রিমিয়ার শো’র আগে ‘জোনাকির আলো’ ছবির তথ্য কণিকার মোড়ক উন্মোচন
করেন ফরিদুর রেজা সাগর ও আবদুল হাফিজ। খালিদ মাহমুদ মিঠু ও আবদুল হাফিজকে
ছবির পোস্টার উপহার দেন ফরিদুর রেজা সাগর। প্রিমিয়ার শো’তে নায়ক কল্যাণ,
কণ্ঠশিল্পী আগুন, কণা, ইবরার টিপু, কস্টিউম ডিজাইনার কনকচাঁপা চাকমা, সংগীত
পরিচালক শাহরিয়াজ সাজ এবং নির্বাহী প্রযোজক হাসান খানসহ চলচ্চিত্র শিল্পের
আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment