ঝালকাঠি: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেনের
অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার ১০ কাউন্সিলর। বুধবার বেলা
সাড়ে ১১টার দিকে শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন
করা হয়।

এতে
১০ কাউন্সিলর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন পৌর প্যানেল মেয়র-২ মো.
রেজাউল করিম জাকির। লিখিত বক্তব্যে বলা হয়, পৌরসভার ৫০ লাখ টাকা মূল্যের
গাছ কেটে তা আত্মসাৎ করা, সব কাজের ঠিকাদারি মেয়রের আত্মীয়দের দেওয়া,
নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা এবং উৎকোচ নিয়ে শহরের ৪শ অবৈধ
ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীনিতে মেয়র জড়িত।
এছাড়াও মেয়রের আত্মীয়স্বজনের নামে লাখ লাখ টাকা আত্মসাত ও বিএনপির সঙ্গে
আঁতাতের অভিযোগ এনে অবিলম্বে মেয়রকে অপসারণ করা না হলে কাউন্সিলররা একযোগে
পদত্যাগ করবেন বলেও হুমকি দেওয়া হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত বছরের
২৪ নভেম্বর মন্ত্রণালয় থেকে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে ঝালকাঠি জেলা
প্রশাসককে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক
বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু
এখনও মন্ত্রণালয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পৌরসভার ৫নম্বর ওয়ার্ড
কাউন্সিলর প্রণব কুমার মেয়র আফজাল হোসেনের এসব দুর্নীতি ও অনিয়মের সহযোগী
বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে ঝালকাঠির পৌর মেয়র আফজাল হোসেন
বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক এসব অভিযোগের কোনো সত্যতা পায়নি বলেই
মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। কাউন্সিলররা আমার দ্বারা কোনো অবৈধ আবদার
পূরণ করতে না পারায় এসব করছে।
No comments:
Post a Comment