Sunday, April 13, 2014

ভারত-পাকিস্তানের অনুপস্থিতিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

আসরে ভারত নেই ভিসা জটিলতার কারণে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছে না পাকিস্তান। শক্তিধর দু’দল ভারত-পাকিস্তানকে ছাড়াই খেলার কোর্টে গড়াচ্ছে দক্ষিণ এশিয়ান বাস্কেটবলের আন্তর্জাতিক আসর। আর দক্ষিণ এশিয়ার বাস্কেটবলে শীর্ষ দু’দেশের অনুপস্থিতিতে এবারের শিরোপা স্বপ্ন দেখছে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন। 
আগামী ১৫ই এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে সংক্ষিপ্ত ঘরানার বাস্কেটবল আসর থ্রি অন থ্রি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। সিটিসেলের পৃষ্ঠপোষকতায় এ আসর আয়োজন করা হচ্ছে দক্ষিণ এশিয়া বাস্কেটবল এসোসিয়েশন (সাবা)-এর তত্ত্বাবধানে। দু’দিনব্যাপী এ বাস্কেটবল আসর শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.) বলেন, ভিসা জটিলতার কারণে আসরে অনিশ্চিত ভারত। আর আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থা (ফিবা)’র নিষেধাজ্ঞার কারণে এ আসরে অংশ নিতে পারছে না পাকিস্তান। এ কে সরকার বলেন, ভারত-পাকিস্তানের অনুপস্থিতিতে আমরা শিরোপার আশা করবো অবশ্যই। থ্রি অন থ্রি ফরমেটের দ্রুতগতির বাস্কেটবলে বাংলাদেশের খেলোয়াড়রা ভাল করছে। বাংলাদেশ দলে ৬ ফুট ৫ ইঞ্চি দীর্ঘকায় খেলোয়াড় রয়েছেন তিনজন। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে এবারের সাবা থ্রি অন থ্রি বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও বাংলাদেশ। বাস্কেটবলের অর্ধেক কোর্টে প্রতি দলে চারজন করে খেলোয়াড় নিয়ে হয় থ্রি অন থ্রি প্রতিযোগিতা। ম্যাচে আগে ২১ বাস্কেট পয়েন্ট অর্জনকারী দল জয় পায় এতে। আসন্ন আসরে বাংলাদেশ দলে খেলছেন রাশেদ, মিথুন, শোয়েব ও আকাশ। ফেডারেশন সাধারণ সম্পাদক এ কে সরকার জানালেন চলতি বছর একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতাসহ জাতীয় ও স্কুল আসরে ব্যস্ততায় কাটবে বাংলাদেশের বাস্কেটবল। আগামী মাসে নেপালে বসবে সাউথ এশিয়ান মেন্স বাস্কেটবল প্রতিযোগিতা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেল-এর হেড অব করপোরেট কমিউনিকেশন কর্মকর্তা তাসলিম আহমেদ জানালেন, আসর আয়োজন ছাড়াও বাংলাদেশ দলের বাস্কেটবল তারকাদের নৈপুণ্য বাড়াতে অনুশীলনের দিকে সিটিসেলের আলাদা দৃষ্টি রয়েছে। গত বছর ঢাকায় আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

No comments:

Post a Comment