Saturday, April 12, 2014

সেমিতে মুখোমুখি বায়ার্ন-রিয়াল

চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে দেখা হয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই জায়ান্ট দল বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের। এবারের অপর সেমিফাইনালে মোকাবিলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসি।
চলতি চ্যাম্পিয়ন্স লীগে সেমিফাইনালে পরস্পর প্রতিপক্ষ নির্বাচনে সুইজারল্যান্ডের নিয়নে ড্র অনুষ্ঠিত হয় গতকাল। চ্যাম্পিয়ন্স লীগে মোট ১৪ বারের শিরোপার মালিক বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। সর্বাধিক নয়বার কুলিনে শিরোপা জয়ের কৃতিত্ব স্প্যানিশ জায়ান্টদের। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এ শিরোপা জিতেছে পাঁচবার। গতবার ত্রি-শিরোপা জয়ের গৌরব মিউনিখের দলটির। জার্মান কোচ ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্ন মিউনিখ বুন্দেশলীগা জার্মান কাপের সঙ্গে জয় করে গতবারের চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিও। তবে বায়ার্নে এবারের দায়িত্ব সামলাচ্ছেন ক্লাব ফুটবলে অপর সফল কোচ পেপ গার্দিওলা। এর আগে এফসি বার্সেলোনার দায়িত্বে ২০০৯ ও ২০১১-তে দুইবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা হাতে তোলেন এ স্প্যানিয়ার্ড কোচ। চার বছরের দায়িত্বে কোচ গার্দিওলা বার্সেলোনাকে এনে দেন ১৪টি শিরোপা। আর ২০১২-এর মওসুম শেষে বার্সার দায়িত্ব ছেড়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে লম্বা অবকাশে যান গার্দিওলা। পরে বায়ার্ন মিউনিখে কোচের দায়িত্ব নিলেও  অ্যাসাইনমেন্ট নিয়ে গার্দিওলা  নিজ দেশের মাঠে পা রাখবেন দুই বছরে প্রথমবার। তাও ক্যারিয়ারে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে। গতকাল ড্র শেষে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লোস আনচেলত্তি বলেন, সে  (গার্দিওলা) বিশ্বের সেরা কোচদের একজন। তাদের দলটিও বেশ। রিয়াল কোচ বলেন, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডর্টমুন্ডের বিপক্ষে আমরা ভাল খেলিনি ঠিক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে পেরেছিলাম। সেরা দলগুলোর বিপক্ষে খেলেই পরে আপনাকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিততে হবে। সেমিফাইনাল আমাদের জন্য কঠিন হবে। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা কারও সহজ হবে না নিশ্চয়। চ্যাম্পিয়ন্স লীগে রিয়াল মাদ্রিদ সর্বশেষ শিরোপার স্বাদ পায় একযুগ আগে। ২০০২-এর আসরে ট্রফি হাতে তোলেন রিয়ালের বিশ্বতারকা লু্‌ইস ফিগো, রোনালদো ডি লিমা, জিনেদিন জিদানরা। সেমিফাইনালে প্রথম পরীক্ষাটা শিরোপাধারী বায়ার্ন মিউনিখ ও আগেরবারের চ্যাম্পিয়ন চেলসির। প্রথম লেগে বায়ার্ন মিউনিখ খেলবে মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু মাঠে। আর প্রথম লেগে স্বাগতিক অ্যাটলেটিকোকে মাদ্রিদের ভিসেন্তে ক্যালডেরন  মাঠে মোকাবিলা করবে চেলসি।
কুরতোয়া ইস্যুতে ইউয়েফা’র হস্তক্ষেপ
এবারের কোয়ার্টার ফাইনাল শেষে সবচেয়ে গরম খবর হচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ গোলরক্ষক থিবো কুরতোয়াকে নিয়ে। চেলসি থেকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে তোলা এ বেলজিক গোলরক্ষকের সেমিফাইনাল খেলায় প্রতিবন্ধকতা দেখাচ্ছিল একদিন আগেও। ধারের চুক্তিভুক্ত শর্ত অনুযায়ী চেলসির বিপক্ষে কুরতোয়াকে খেলাতে চাইলে লন্ডন কর্তৃপক্ষ বরাবর দুই লেগে ৬০ লাখ ইউরো গুনতে হতো অ্যাটলেটিকোর। আর বৃহস্পতিবার অ্যাটলেটিকো মাদ্রিদ সভাপতি এনরিকে সেরেজো বলেছিলেন, চেলসির বিপক্ষে কুরতোয়াকে খেলাতে প্রচুর টাকা দরকার। আমাদের এতো টাকা নেই। তবে বিষয়টিতে উদ্যোগ নিয়েছে স্বয়ং ইউরোপের ফুটবল সংস্থা ইউয়েফা। গতকাল এক বিবৃতিতে ইউয়েফা বলেছে, প্রতিযোগিতামূলক খেলাধুলায় সততা রক্ষা করাটা মৌলিক নীতির বিষয়। খেলোয়াড়ের ম্যাচ খেলায় প্রতিবন্ধকতা তৈরি করে এমন কোন চুক্তি দেখতে চায় না চ্যাম্পিয়ন্স লীগ কর্তৃপক্ষ ও ইউয়েফার ডিসিপ্লিনারি নীতিনির্ধারকরা। আর তেমন কিছু দেখা গেলে নিশ্চিত তা ইউয়েফা বিধিপরিপন্থি বলে গণ্য হবে। ইউয়েফার বিবৃতি দেখে নরম সুর শুনিয়েছেন চেলসি নির্বাহী রন গরলেও। গরলে বলেন, কুরতোয়াকে নিয়ে ধারের চুক্তিপত্র হয়েছিল মওসুমের একদম শুরুতে। সে কুরতোয়া সেমিফাইনালে খেলছে সন্দেহ নেই। চলতি মওসুম লা লীগায় ৩২ ম্যাচে সর্বনিম্ন ২২ গোল হজমের রেকর্ড কুরতোয়ার।
৬ ফুট ৬ ইঞ্চি দীর্ঘকায় অ্যাটলেটিকো গোলরক্ষক চলতি মওসুমে পাঁচ মোকাবিলায় জয় বঞ্চিত বার্সেলোনার বিপক্ষে খেয়েছেন মাত্র দুই গোল।

সেমিফাইনাল ফিকশ্চার
২২শে এপ্রিল প্রথম সেমি প্রথম লেগ: অ্যাটলেটিকো-চেলসি
২৩শে এপ্রিল দ্বিতীয় সেমি প্রথম লেগ: রিয়াল -বায়ার্ন
২৯শে এপ্রিল দ্বিতীয় সেমি দ্বিতীয় লেগ: বায়ার্ন -রিয়াল
৩০শে এপ্রিল প্রথম সেমি দ্বিতীয় লেগ: চেলসি-অ্যাটলেটিকো

No comments:

Post a Comment