অবশেষে ভারত-পাকিস্তান ক্রিকেট জট খুলতে শুরু করেছে বলে মনে হচ্ছে। ২০০৮
সালে ভারতের মুম্বইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কোন পূর্ণ
সিরিজ খেলেনি ভারত। ২০১২ সালের শেষের দিকে ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে
সিরিজ খেলে গেছে পাকিস্তান। গত ৬ বছরে দু’দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে
একমাত্র ওই সিরিজটি। তবে সম্পর্কের জট খুলে ২০১৫ সালে দুই দেশের মধ্যে
আবারও পূর্ণ সিরিজ হতে পারে।

দু’দেশের
মধ্যে পুনরায় সিরিজ ফেরানোর নায়ক বলা যেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের
বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান নাজাম শেঠিকে। বছরের শুরুতে ‘বিগ থ্রি’-
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত আইসিসি’র অর্থনৈতিক ও প্রশাসনিক
অবকাঠামো পুনর্গঠনের পজিশন পেপারে সাইন করা থেকে বিরত থাকে পাকিস্তান
ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ দুবাইয়ে আইসিসি’র বৈঠকে শর্তসাপেক্ষে ‘বিগ
থ্রি’কে সমর্থন দিয়েছেন শেঠি। তাদের একটি শর্ত ছিল, ২০১৫ থেকে ২০২৩ সাল
পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আইসিসি’র পূর্ণ সদস্য বাকি দেশগুলো কয়টি সিরিজ
খেলবে তা স্পষ্ট হতে হবে। ভারত কিংবা আইসিসি এখনও পাকিস্তানের শর্ত পূরণ
কিংবা কোন দেশের বিপক্ষে কয়টি সিরিজ খেলা হবে তা স্পষ্ট করেনি। তবে আগামী
১৫ দিনের মধ্যে বিষয়টি জানা যাবে। কিন্তু এরই মধ্যে একটি সূত্র জানিয়েছে,
ভারত পাকিস্তানের শর্ত মেনে নিচ্ছে এবং আগামী আট বছরে তারা পাকিস্তানের
বিপক্ষে ৬টি পূর্ণ সিরিজ খেলবে। আর প্রথম সিরিজটি হতে পারে ২০১৫ সালের
শীতকালে সংযুক্ত আরব আমিরাতে, যেটাকে বর্তমানে পাকিস্তানের ‘হোম সিরিজ’ বলা
হচ্ছে। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী
হামলার পর দেশটিতে কোন আন্তর্জাতিক দল সফর করেনি।
No comments:
Post a Comment