Tuesday, May 13, 2014

শিবির নিয়ন্ত্রিত দুই কলেজে পুলিশী অভিযান, আটক ৩

নগরীর শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে বিশেষ অভিযান চালিয়ে শিবিরকর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর তিনটার দিকে পুলিশ এ অভিযান চালায়। 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মনজুর মোরশেদ জানান, আগামীকাল বুধবার জামায়াতের ডাকা হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে সিএমপি ও নগর গোয়েন্দা পুলিশের আট প্লাটুন সদস্য অংশ নেয়। “দু’টি কলেজই শিবির নিয়ন্ত্রিত। হরতালে নাশকতা মোকাবেলার প্রস্তুতি হিসেবেই অভিযান চালানো হয়েছে। অভিযানে সন্দেহ জনকভাবে তিন জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।” অভিযান চলাকালে দুইটি কলেজের হলগুলো চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। হলের অধিকাংশই কক্ষই ছিলো তালা লাগানো। পুলিশ সদস্যরা তালা কেটে কক্ষগুলো তল্লাশী করে। গত সোমবার নগর জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য ও নগর জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতা কর্মীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সংগঠনটি।

No comments:

Post a Comment