Monday, May 12, 2014

‘র‌্যাবের সংস্কার জরুরি’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার র‌্যাব বিলুপ্তির দাবির প্রসঙ্গে বলেন, র‌্যাব বিলুপ্তি করলে সমস্যার সমাধান হয় তার (খালেদা) ভ্রান্ত ধারণা, না হয় রাজনৈতিক প্রতিহিংসাবশত বক্তব্য।
আমি মনে করি, র‌্যাবের সংস্কার জরুরি হয়ে পড়েছে। সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মরণ সভা’য় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সংস্কার আইনগত ও সামাজিক। তাদের জাবাবদিহিমূলক অবস্থানে নিতে হবে। তাতে দেশের কল্যাণ হবে। জবাবদিহি ছাড়া যে কোন প্রতিষ্ঠান ভয়ংকর হয়ে ওঠে। সুরঞ্জিত বলেন, ইতিমধ্যে এ বিষয়ে আদালত যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছেন। ওঠারও কারণ আছে। এ নিয়ে কোর্ট একটি আদেশ দিয়েছেন। এটা সুপ্রিম কোর্ট দিয়ে স্থগিত করতে হবে, না হয় পালন করতে হবে। নারায়ণগঞ্জে সাত হত্যাকান্ডের ঘটনা প্রসঙ্গে সাবেক এ রেলমন্ত্রী বলেন, এ নিয়ে সত্য উদঘাটন হওয়া রাজনীতির একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জেলায় জেলায় বিক্ষোভের নামে আবারও নতুন করে বিশৃঙ্খলা শুরু করবে বিএনপি। আর এ বিক্ষোভের নামে যদি  কোনো বিশৃঙ্খলা করা হয়, তবে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশে যে দলের নেতৃত্বে বাংলাদেশে প্রথম হত্যা-গুমের রাজনীতি শুরু হয়। জিয়াউর রহমানের সময় ঢাকা মহানগর ছাত্রলীগের মাহফুজ বাবুকে অপহরণ করা হয়। তার লাশও খুঁজে পাওয়া যায়নি।  সেখান থেকে জিয়াউর রহমান ও তার দলের হত্যাগুমের রাজনীতি শুরু।  সভায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র এমপি হাজি মোহাম্মদ সেলিম। আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু একাডেমির আরেক উপদেষ্টা চিত্তরঞ্জন দাস, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী।

No comments:

Post a Comment