Wednesday, May 21, 2014

পিছিয়েছে পিঁপড়াবিদ্যা

বিশ্বকাপ ফুটবলের কারণে মুক্তির সম্ভাব্য সময় পিছিয়ে গেল ‘পিঁপড়াবিদ্যা’র। বাংলাদেশে মুক্তির ব্যাপারে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, ছবিটি মে-জুনের দিকে মুক্তি দেয়ার ইচ্ছা ছিল। সেই প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু জুনে ফুটবল বিশ্বকাপ হওয়ার কারণে মুক্তির বিষয়টি পিছিয়ে দিলাম। 
এখন সিদ্ধান্ত নিয়েছি আগস্ট-সেপ্টেম্বরের দিকে মুক্তি দেবো। বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে খানিক দেরি হলেও এরই মধ্যে চষে বেড়াচ্ছে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত আন্তর্জাতিকভাবে আলোচিত এ ছবি এরই মধ্যে ৩টি উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উৎসব তিনটি হলো সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভাল, ডালাস এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভাল এবং মেলবোর্ন আই.এফ.এফ। এর মাঝে মেলবোর্নে ছবিটি প্রদর্শিত হয়েছে মে মাসের ১১ তারিখে। সাংহাই ফ্যাস্টিভাল হবে ১৪ থেকে ২২শে জুন। ডালাস এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভালে প্রতিযোগিতার আসর বসবে সেপ্টেম্বরে। ছবিটি নির্মাণ হয়েছে দ্রুত ধনী হওয়া স্বপ্নে বিভোর এক গ্রাজুয়েটের জীবনের বিপজ্জনক এক জার্নিকে নিয়ে। ছবিটিতে অভিনয় করেছেন বি.পি.এল. খ্যাত সিনা চৌহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাব্বির হাসান, জি. সামদানি ডন এবং নবাগত মিঠু। এ ছবিতে মিঠুর অভিনয় সম্পর্কে ফিল্ম ক্রিটিক ডেবোরাহ ইয়াং বলেছেন, ‘মিঠুর অভিনয় আশ্চর্যজনক সাবলীল’। ছবিটি দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পরে ‘দ্য হলিউড রিপোর্টার’ ছবিটি সম্পর্কে লিখেছিল, পিঁপড়াবিদ্যা একদিকে চরম বেদনাবিধুর এবং অন্যদিকে অট্টহাসিতে ফেটে পড়ার মতো একটি ছবি।

No comments:

Post a Comment