Monday, May 19, 2014

আশাহত স্বাগতা

চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আশাহত হয়ে পড়েছেন এ প্রজন্মের প্রিয়মুখ স্বাগতা। কারণ, প্রতিবছর যে সংখ্যক চলচ্চিত্রের মহরত হচ্ছে, তার অর্ধেকও আলোর মুখ দেখছে না বলে তার অভিযোগ। এ পরিস্থিতির জন্য তিনি চলচ্চিত্রের নবীন পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পীদেরই দায়ী করেছেন।
এ প্রসঙ্গে স্বাগতা বলেন, আমি বেশ কয়েক বছর ধরে দেশের চলচ্চিত্র গভীর পর্যবেক্ষণ করছি। আগের তুলনায় ছবি মুক্তির সংখ্যা কমে গেছে। এরই মধ্যে কেউ কেউ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আবার অনেকে ছবির গানের অ্যালবাম খুব ঢাকঢোল পিটিয়ে রিলিজ দিচ্ছেন। কিন্তু কিছুদিন পরে আর সেই ছবির কোন খোঁজ পাওয়া যায় না। এমন কি বছরের পর বছরও দর্শক সেই ছবির মুখ দেখতে পায় না। এভাবে চলতে থাকলে নতুন যারা চলচ্চিত্রে কাজ করতে আসছেন তারা উৎসাহ হারিয়ে ফেলবেন। সেই সঙ্গে অপার সম্ভাবনাময় এ অঙ্গনটির প্রতি তাদের এক ধরনের বৈরাগ্য সৃষ্টি হবে। ঠিক এমনিভাবে উৎসাহ হারিয়ে ফেলেছেন স্বাগতা নিজেও। তার অভিনীত ছবি ‘সূচনা রেখা’ আটকে আছে অনেকদিন। এছাড়াও নতুন ছবিতে অভিনয়ের কথা থাকলেও ভরসা পাচ্ছেন না তিনি। স্বাগতা বলেন, তবে এই সময় খুব দ্রুত পাল্টাবে। আর তখনই নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করবো। শৈশব থেকেই স্বাগতা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। তার অভিনীত প্রথম ছবি ছিল ‘টপ মাস্তান’। এরপর নায়িকা হিসেবে স্বাগতা প্রথম অভিনয় করেন জয়নাল আবেদীনের পরিচালনায় ‘শত্রু শত্রু খেলা’ ছবিতে। এ ছবিতে তার নায়ক ছিলেন মান্না। এরপর তিনি ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’ ছবিতে অভিনয় করেছেন। ছবি দুটি প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে।

No comments:

Post a Comment