র্যাম্প মডেল রুহি এখন কলকাতায় অবস্থান
করছেন। সেখানে রুহি মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’ ছবিতে অভিনয় করছেন। গত
২৮শে এপ্রিল থেকে এ ছবির টানা শুটিং চলছে। কলকাতা থেকে রুহি জানান,
‘গ্ল্যামার’ ছবির শুটিং অনেক দিন ধরেই হচ্ছে হবে করে ঝুলে ছিল। তবে সুখবর
হলো, ২৮শে এপ্রিল থেকে শুটিং শুরু করে এরই মধ্যে আমরা প্রায় শেষ পর্যায়ে
পৌঁছে গেছি। ২১শে মে’র মধ্যে আমার শুটিং অংশ শেষ হয়ে যাবে।

রুহি
জানান, গ্ল্যামারের একটানা শুটিং করার সুবাদে এরই মধ্যে কলকাতার বেশ ক’জন
বড় পরিচালক এবং প্রোডাকশন হাউজের সঙ্গে পরিচয় হয়েছে। তারা রুহিকে নিয়ে ছবি
নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে রুহির ভাষ্য, আমি চাই মনের মতো
কিছু কাজ করতে। যেমনটা করেছি অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’তে। টালিগঞ্জ থেকে
এমন ভাল কিছু ছবির অফার পেলে সেগুলো আমি লুফে নেবো। এতে কোন সন্দেহ নেই।
এদিকে শুটিং চলতি ‘গ্ল্যামার’ প্রসঙ্গে রুহি জানান, এ ছবিতে তার বিপরীতে
রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া আরও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী,
পার্ণো মিত্র, অভ্রজিৎ প্রমুখ। ছবিতে তার নাম থাকে জোহনা মিশেল ক্যান্ডেলা।
তিনি একজন সুপার মডেল। এ ছবিতে একজনকে পেছনে ফেলে আরেকজন তার ক্যারিয়ারকে
কিভাবে চাঙ্গা করে সে বিষয়টিই তুলে ধরা হয়েছে। ছবিটি অনেকটা কর্পোরেট
থ্রিলার ধাঁচের। পুরো ছবিই নানা চমকে ভরপুর। রুহি আরও জানান, ২১শে মে’র
মধ্যে তার অংশের শুটিং শেষ হলেও তিনি সহসা ঢাকায় ফিরছেন না। কলকাতা থেকে
তিনি সরাসরি উড়াল দেবেন লন্ডনে। সেখানে তার প্রথম ছবি ‘একাত্তরের
সংগ্রাম’-এর বিশ্ব প্রদর্শনী হবে। লন্ডন থেকে ঢাকায় ফিরবেন আগামী মাসের শেষ
দিকে। এদিকে ‘একাত্তরের সংগ্রাম’ দিয়ে রুহি সেই অর্থে বাণিজ্যিক সফলতা না
পেলেও আরও চারটি ভিন্নধারার ছবি হাতে রয়েছে তার। যেগুলো চলতি বছরেই
পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে অনিমেষ আইচের
‘জিরো ডিগ্রি’, ইসমত আরা শান্তির ‘মায়ানগর’, আমিনুল ইসলাম বাপ্পীর ‘থ্রি
ইল্লিগ্যাল’ ও কলকাতার মহুয়া চক্রবর্তীর ‘গ্ল্যামার’। এর মধ্যে বিশেষ করে
এই পারের ‘জিরো ডিগ্রি’ আর ওই পারের ‘গ্ল্যামার’ ছবি দুটি নিয়ে রুহির
আশাবাদ আকাশ ছুঁই। তার ভাষায়, এই দু’টি ছবি দিয়ে দুই বাংলাতেই আমি নিজেকে
প্রমাণ করতে পারবো বলে বিশ্বাস। আমি চাই দুই বাংলাতেই সমানতালে কাজ করতে।
চলচ্চিত্র নিয়ে এখন এটাই আমার মূল পরিকল্পনা।
No comments:
Post a Comment