নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় মন্ত্রীর জামাতাকে কোনভাবেই বাঁচানো যাবে
না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে আতঙ্কমুক্ত নিরাপদ
নারায়ণগঞ্জের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ আয়োজিত নাগরিক সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সত্য বড়ই নিষ্ঠুর। চালবাজি
করে মন্ত্রীর জামাতাকে বাঁচানো যাবে না।

নারায়ণগঞ্জের
মানুষ তা মেনে নেবে না। মান্না বলেন, যে র্যাব বাহিনীর দায়িত্ব ছিল
মানুষের জীবন রক্ষা করা, সেই র্যাব এখন মানুষের জীবন হরণ করছে। আওয়ামী
লীগের মন্ত্রীরা নিজেদের সুযোগ-সুবিধার জন্য মুখ খুলছেন না। ভাবতে অবাক
লাগে, অশিক্ষিত নূর হোসেন কিভাবে ডিসির বন্ধু হন। যদি কেউ মনে করেন, তারা
ওই সন্ত্রাসীদের বাঁচাতে পারবেন, তাহলে ভুল করবেন। আমরা নারায়ণগঞ্জবাসীর
সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী
সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
জাকির হোসেন, পরিবেশবাদী আন্দোলনের জেলা সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক,
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএমএ জেলা সভাপতি ডা.
শাহনেওয়াজসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা
বক্তব্য রাখেন। বৈঠকে বক্তারা নারায়ণগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে
নারায়ণগঞ্জের গডফাদারদের খুন, গুম, হত্যাসহ নানা অপকর্মের ফিরিস্তি তুলে
ধরেন। এছাড়া সাত খুনের ঘটনা তদন্তের জন্য সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত
কমিটি গঠন করার দাবি জানান তারা।
No comments:
Post a Comment