Sunday, May 4, 2014

এ মাসেই...

এ মাসেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবেন পশ্চিমবাংলার টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। প্রথমবারের মতো এ দেশের সিনেমাপ্রেমী দর্শকদের সামনে শুভশ্রী আসবেন বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নিয়ে। 
গেল সপ্তাহে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে। বিনা কর্তনে ছবিটি ছাড়পত্র পাওয়ার পর পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গসহ বিশ্বের ৭টি দেশে এটি একযোগে মুক্তি পাবে। ‘মোস্ট ওয়েলকাম’ বানিয়ে আলোচনায় চলে আসা পরিচালক অনন্য মামুন আশাবাদ ব্যক্ত করে বলেন, শুভশ্রী ও অংকুশসহ দুই দেশের শিল্পী কুশলীদের নিয়ে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ চমৎকার একটি ছবি এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। ছবিটি দর্শকদের ভাল লাগবেই। বিশেষ করে শুভশ্রীকে দর্শকরা অনেক পছন্দ করবেন। কারণ, শুভশ্রী এদেশের দর্শকদের কাছে বেশ পরিচিত। সেই পরিচিতিটা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির জন্য অনেক কাজে দেবে। শুভশ্রী আমাদের সিনেমাপ্রেমী দর্শকদেরও মন জয় করতে পারবেন।

No comments:

Post a Comment