নানা আয়োজনে খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড
ক্রিসেন্ট দিবস’২০১৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায়
নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও রেড ক্রিসেন্ট
সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, রেড
ক্রিসেন্ট সোসাইটি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি আন্দোলনের নাম।

আমাদের
দেশে এর কার্যক্রম সীমিত হলেও বহির্বিশ্বে নতুন নতুন প্রকল্প নিয়ে রেড
ক্রস বা রেড ক্রিসেন্ট মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। খুলনা জেলা রেড
ক্রিসেন্ট সোসাইটির স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য জায়গা বরাদ্দ করে আবার
তা বাতিল করায় আক্ষেপ করে সিটি মেয়র বলেন, জেলা ইউনিটের জন্য জায়গা পাওয়া
গেলে আর্ত-মানবতার সেবায় একটি বড় হাসপাতাল নির্মাণ করা সম্ভব। মেয়র বলেন,
শুধুমাত্র দুর্যোগের সময় নয়, দুর্যোগ ছাড়াও আর্ত-মানবতার সেবায় কাজ করার
জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে। নিজের
অবস্থান থেকে তিনি এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন এবং জেলা
প্রশাসনকেও সহযোগিতার অনুরোধ জানান। ‘আমার রেড ক্রস/আমার রেড ক্রিসেন্ট’
প্রতিপাদ্য নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এ অনুষ্ঠানের
আয়োজন করে। রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের ভারপ্রাপ্ত
চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ
অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক
হাবিবুল হক খান ও রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সাবেক সাধারণ
সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
অধ্যাপক তারিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা
জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এস এ রহমান বাবু। অনুষ্ঠানে ভাষা আন্দোলনে
অবদানের জন্য সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু, রাজনীতিতে খুলনা
পৌরসভার সাবেক চেয়ারম্যান গাজী মো. শহিদুল্লাহ, মুক্তিযুদ্ধে সাবেক
নৌ-কমান্ডার গাজী রহমতউল্লাহ দাদু বীরপ্রতীক, শিক্ষায় খুলনা
বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, সাংবাদিকতায়
দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কামরুল মুনির (মরণোত্তর) এবং
আইন ও সমাজসেবায় নাগরিক নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদকে (মরণোত্তর)
সম্মাননা জানানো হয়। সিটি মেয়র উপস্থিত বিশিষ্টজনদের হাতে রেড ক্রিসেন্ট
সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সকাল সাড়ে ৮টায় রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা
সিটি ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগরীর শহীদ হাদিস
পার্কে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’২০১৪ উদযাপন উপলক্ষে সিটি
ইউনিট আয়োজিত বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে কেসিসি মার্কেট চত্ত্বরে এসে শেষ হয়। সিটি ইউনিটের সাধারণ
সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, সদস্য কেসিসি’র কাউন্সিলর মো.
শামসুজ্জামান মিয়া স্বপন, মো. আলী আকবর টিপুসহ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির
সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ
করেন।
No comments:
Post a Comment