নাইজেরিয়ায় অপহৃত স্কুল ছাত্রীদের একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী
বোকো হারাম। এতে দেখা গেছে শতাধিক ছাত্রী হিজাব পরিহিত। তারা একটি
উন্মুক্ত স্থানে অবস্থান করছে। তাদের ভিতর থেকে দু’জন বলে তারা ইসলাম গ্রহণ
করেছে। তাদের সঙ্গে কোন খারাপ আচরণ করা হয় নি।

ওদিকে
বোকো হারামের নেতা আবু বকর শেকু ঘোষণা দিয়ে বলেছে, তাদের বন্দিদের মুক্তি
দেয়া হলে তারা ওইসব ছাত্রীকে মুক্তি দেবে। সে-ই ঘোষণায় বলেছে, ওইসব ছাত্রী
ইসলাম গ্রহণ করেছে। ভিডিওতে তাদেরকে দেখা গেছে প্রার্থনারত। দু’ হাত তুলে
তারা মোনাজাত করছিল। গত ১৪ই এপ্রিল বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুলে
হামলা চালিয়ে সেখান থেকে এসব ছাত্রীকে অপহরণ করে। তারপর তাদেরকে নিয়ে যায়
অজানা গন্তব্যে। এক পর্যায়ে তাদেরকে অন্য দেশে বিক্রি করে দেয়ার হুমকি দেয়
তারা। কিন্তু ওই ছাত্রীদের ভিডিওতে যেখানে দেখানো হয়েছে সেটি কোন দেশে বা
কোন অবস্থানে তা পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, ছাত্রীদেরকে ছোট ছোট
দলে ভাগ করে বিভিন্ন স্থানে রাখা হয়েছে। তাদেরকে সীমান্ত পেরিয়ে চাদ বা
পাশের অন্য কোন দেশে নেয়া হয় নি। ১৭ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, দুটি
বালিকা বলছে তারা খ্রিস্টান ছিল। এখন ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়েছে।
ওদিকে বোর্নো রাজ্যের গভর্নর কাশিম শেত্তিমা বলেছেন, অপহৃত ছাত্রীদের কোথায়
রাখা হয়েছে তিনি তা জানেন। তবে এ বিষয়টি নিশ্চিত করতে তিনি আরও চেষ্টা
চালাচ্ছেন। আরও অনুসন্ধান ও তথ্যতালাশের জন্য নির্দেশ দিয়েছেন
সেনাবাহিনীকে।
No comments:
Post a Comment