Monday, May 19, 2014

বিএনপি নালিশের দল

বিএনপি এখন নালিশ করার দল হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। 
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে কোনো কিছু হলে খালেদা জিয়া জনগণের কাছে না গিয়ে বিদেশিদের দুয়ারে নালিশ করে। এই দল এখন বিদেশি কূটনীতিক নির্ভরশীল হয়ে পড়েছে। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হলো শেখ হাসিনা। এই গণতন্ত্রের জন্য জিয়াউর রহমানের বাধা উপেক্ষা করে ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা দেশে আসেন। দেশে এসে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই। সেরূপ শেখ হাসিনাও কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেন, যে দলের নেতারা গ্রেফতারের ভয়ে বোরখা পরে কোর্টে যায়। যে দলের সাধারণ সম্পাদক হেলমেট পরে মোটর সাইকেলের পেছনে উঠে পালিয়ে যায়, তাদের দিয়ে আর যাই হোক কোনো আন্দোলন করা সম্ভব নয়। সুতরাং কোনো কিছুর জন্য বিদেশিদের কাছে গিয়ে নালিশ না করে, জনগণের কাছে যান আর জঙ্গিবাদের সঙ্গ ছাড়ুন। তাহলে হয়ত দেশের জনগণ আপনাকে মেনে নিতে পারে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সভাপতি মজিবুর রহমান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান প্রমুখ।

No comments:

Post a Comment