মানিকগঞ্জে অপহৃত শিশু তামিম (০৩) পাবনার সাঁথিয়া থেকে উদ্ধার হয়েছে।
সোমবার দুপুরে সাঁথিয়ার ধূলাউড়ি ইউনিয়নের মটকা গ্রামের মাঠ থেকে শিশু
তামিমসহ দুই অপহরণকারীকে আটক করে পুলিশ। আটক অপহরণকারীরা হলেন- সাঁথিয়া
উপজেলার তলট গ্রামের রজব আলীর ছেলে হাকিম এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ীয়া
উপজেলার খামার সানিল্যা গ্রামের ফজলাল প্রামনিকের ছেলে জালাল।

অপহৃত
শিশু তামিম মানিকগঞ্জ সদর উপজেলার গোস্তা গ্রামের তারেক রহমানের ছেলে।
সাঁথিয়া থানা পুলিশ জানায়, হাকিম ও জালাল মানিকগঞ্জে তামিমের বাবা ঠিকাদার
তারেক রহমানের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার সকালে হাকিম ও
জালাল বাসার লোকজনের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। তামিমকে
খুঁজে না পেয়ে তার বাবা তারেক রহমান মানিকগঞ্জ থানায় হাকিম ও জালালের নামে
একটি মামলা দায়ের করেন। মানিকগঞ্জ থানা পুলিশ সাঁথিয়া থানা পুলিশের
সহযোগিতায় সোমবার দুপুর ১২টার দিকে সাঁথিয়া উপজেলার ধূলাউড়ির মটকা গ্রামের
একটি মাঠের মধ্য থেকে তামিমসহ তাদের আটক করে। বিকেল ৪টার দিকে অপহৃত শিশু
তামিমকে মানিকগঞ্জ পুলিশের সহায়তা তার বাবা মার কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ থানা পুলিশ বিকেলে অপহরণকারী হাকিম ও জালালকে গ্রেফতার করে
মানিকগিঞ্জে নিয়ে গেছে। এ ব্যাপারে তামিমের বাবা তারেক রহমান জানান, তিনি
তার ছেলেকে উদ্ধার করতে পেরে খুশি। পুলিশের ভূমিকায় তিনি সন্তুষ্ট। সাঁথিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার
করে জানান, মানিকগঞ্জ ও সাঁথিয়া থানা পুলিশের যৌথ তৎপরতায় শিশু তামিকে
উদ্ধার করা সম্ভব হয়েছে।
No comments:
Post a Comment