Monday, May 5, 2014

এরশাদের বিরুদ্ধে খালেদার অভিযোগের প্রতিবাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক পার্টি। সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় শ্রমিক নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান। গুম, খুন ও অপহরণের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ডাকা গণঅনশন কর্মসূচিতে খালেদা জিয়া বলেছেন মঞ্জুর ও জিয়াউর রহমানের খুনি এরশাদ। তার বিচার হবে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বেগম জিয়া ক্ষমতা থেকে অনেক দূরে সরে যাওয়ায় আবোল-তাবোল বলতে শুরু করেছেন। জিয়া হত্যার পিছনে তৎকালীন বিএনপির শীর্ষ নেতারাই জড়িত দাবি করে তারা বলেন, বিএনপির সাত্তারের শাসনামলে ৯১ ও ৯৬’র বিএনপিও একবারও বলেননি জিয়া হত্যাকান্ডে এরশাদ জড়িত। অথচ ৩৩ বছর পর এই অভিযোগ পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শেখ মোঃ শান্ত, আব্দুল আজিজ, ইউনুস মৃধা, রফিকুল ইসলাম রাজন, মোঃ দ্বীন ইসলাম প্রমুখ। সোমবার জাতীয় পার্টির দফতর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

No comments:

Post a Comment