Tuesday, May 13, 2014

এসি রুমে বসে দেশের অবস্থা বোঝা মুশকিল

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসি রুমে বসে দেশের প্রকৃত অবস্থা বোঝা মুশকিল। ঘটনাস্থলে না গিয়ে সঠিক কিছু বোঝাও যায় না। এ কারণে ছুটির দিনেও ঢাকার বাইরে বের হয়েছি। মঙ্গলবার দুপুরে ভৈরবে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের নির্মাণাধীন চারটি সেতুর কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। 
তাদের গ্রেফতারে হাইকোর্টের দেওয়া নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় সরকার উদাসিন নয়, নিরবও নয়। ঘটনার পুনরাবৃত্তি রোধে যা করা দরকার, সরকার সব উদ্যোগ গ্রহণ করছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে যোগাযোগ মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ ইস্যুতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। ওই মহলের মনে রাখা দরকার, এ বিষয়ে সরকার আন্তরিক। শুধু তাই নয়, সত্য উদঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ। পরে মন্ত্রী ভৈরব-মেন্দিপুর সড়কের নির্মাণ কাজ দেখতে যান। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সড়ক ও জনপদের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাব উদ্দিন, কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম, নরসিংদীর নির্বাহী প্রকৌশলী সালমা বেগম ও সেতুর প্রকল্প পরিচালক দলিল উদ্দিন। পরে মন্ত্রী মৌলভীবাজারের উদ্দেশে বিকেলে ভৈরব ত্যাগ করেন।

No comments:

Post a Comment