জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান নাটক কিংবা
টেলিফিল্মে বিভিন্ন সময়ে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অগ্নিলা, মোনালিসা,
তিশা, বিদ্যা সিনহা মীম, মেহজাবীনসহ আরও অনেকের বিপরীতে। অভিনেত্রী
ঊর্মিলার সঙ্গে এবারই প্রথম তিনি জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন একটি নাটকে।

নাম
‘সম্পর্কের গল্প’। নাটকটির কাহিনী রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন
মাবরুর রশিদ বান্না। ঢাকার অদূরে দক্ষিণখানের পুলেরটেকে গত শনিবার এর শুটিং
শেষ হয়েছে। নাটকে তাহসান অভিনয় করেছেন মুশফিক চরিত্রে এবং ঊর্মিলার
চরিত্রের নাম দিহান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, স্ক্রিপ্টটি
ভাল। তাই কাজটি করতে গিয়ে বেশ উপভোগ করেছি। আশা করা যায় দর্শকদেরও ভাল
লাগবে। ঊর্মিলা বলেন, এর আগে তাহসান ভাইয়ার সঙ্গে একটি নাটকে অভিনয়
করেছিলাম। তবে সেখানে আমি অতিথি শিল্পী হিসেবে কাজ করেছি। ‘সম্পর্কের গল্প’
নাটকে প্রধান চরিত্রের একটি আমি। আর এবারই প্রথম জুটিবদ্ধ হলাম তাহসান
ভাইয়ার সঙ্গে। চেষ্টা করেছি আমার চরিত্রটি ভালভাবে ফুটিয়ে তুলতে। নাটকটি
প্রযোজনা করেছে টম ক্রিয়েশন্স। এদিকে তাহসান গত সপ্তাহে শেষ করেছেন ইমরাউল
রাফাতের নির্দেশনায় মীমের বিপরীতে ‘ওল্ড ইজ গোল্ড’ নাটকের কাজ। সম্প্রতি
তিনি রেদওয়ান রনির নির্দেশনায় ‘মরীচিকা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য
চুক্তিবদ্ধ হয়েছেন। আর গানের ক্ষেত্রে গত ১৪ই মে রাতে ‘তাহসান অ্যান্ড
সুফিজ’-এর নতুন একটি গান ইউটিউবে আপ করেছেন এ সংগীত তারকা। গানটির শিরোনাম
‘আদর’। লিখেছেন ও সুর করেছেন তাহসান নিজেই। নিজের ফেসবুক এবং ফ্যানপেজে
গানটি শেয়ারও করেছেন তিনি। এ প্রসঙ্গে তাহসান বলেন, এখন গানে কোন
অর্থপ্রাপ্তি ঘটে না। উল্টো গাঁটের পয়সা দিয়ে অ্যালবাম করে প্রযোজনা
প্রতিষ্ঠানগুলোকে দিতে হয়। এ অবস্থায় শ্রোতারা যেন বঞ্চিত না হন, সে
বিবেচনায় এখন থেকে একটি করে গান ইউটিউবে দেবো। অন্যদিকে ঊর্মিলা অভিনীত
এজাজ মুন্না পরিচালিত ‘যোগাযোগ গোলযোগ’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার
হচ্ছে।
No comments:
Post a Comment