Sunday, May 18, 2014

প্রদর্শন বন্ধের নির্দেশ, ৭০ প্রেক্ষাগৃহে ‘আমি শুধু চেয়েছি তোমায়’

প্রদর্শন বন্ধে তথ্য মন্ত্রণালয় চিঠি দেয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন ও অশোক পতি পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’। 
বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের প্রবল বিরোধিতার মুখেও আদালতের রায় নিয়ে ছবি মুক্তি দিতে সমর্থ হয়েছে ঢাকার অ্যাকশন কাট মুভিজ। পরিচালক অনন্য মামুন বলেন, আমি যৌথ প্রযোজনার সব নিয়ম-কানুন মেনেই ছবিটি নির্মাণ করেছি এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে ৯ই মে মুক্তি দিয়েছি। দ্বিতীয় সপ্তাহে কোন ছবি প্রদর্শনের ক্ষেত্রে কারও বিরোধিতার ইতিহাস নেই। আমার ছবির ক্ষেত্রে প্রথম এমনটি করা হয়েছে বলে আমি আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তবে খুব ভাল লাগছে দর্শক প্রাণভরে ছবিটি গ্রহণ করেছেন দেখে। শুক্রবার দর্শকদের যে সাড়া আমি পেয়েছি তাতে আরেকবার বিশ্বাস জন্মেছে ভাল ছবির কোন বিরোধী পক্ষ নেই। দর্শকই হচ্ছে প্রধান বন্ধু। এদিকে ছবিটির প্রদর্শন বন্ধে তথ্য মন্ত্রণালয় প্রযোজক পরিচালক অনন্য মামুনকে চিঠি দিয়েছেন বলে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার জানান। তবে অনন্য মামুন এ জাতীয় কোন চিঠি পাননি বলে দাবি করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিও চিঠির বিষয়ে সঠিক কোন তথ্য জানাতে পারেনি। বৃহস্পতিবার চলচ্চিত্র পরিবার থেকে জানানো হয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র উন্নয়ন) এবং এফডিসির এমডি (চলতি দায়িত্বে) এসএম হারুনুর রশীদ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবিটির প্রদর্শন বন্ধে অনন্য মামুনকে চিঠি দেবেন। গতকাল পর্যন্ত অনন্য মামুন কোন চিঠি পাননি এবং তার পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির প্রদর্শন অব্যাহত রয়েছে বলে জানান।

No comments:

Post a Comment