Friday, May 9, 2014

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্রমেলা উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ‘মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ’। বিশ্বকবির এ অমোঘ বাণীকে মনে রাখার আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথের ১৫৩তম জন্মজয়ন্তীতে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে উদ্‌যাপন করা হলো এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা। নবমবারের মতো এ মেলার আয়োজন করে চ্যানেল আই। গতকাল সকাল ১১টা ১৫ মিনিটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিজনরা।
অপু-মাহফুজ ও মৌসুমী বড়ুয়ার সঙ্গে টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আইর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, চ্যানেল আইর পরিচালক মুকিত মজুমদার বাবু, আবদুর রশীদ মজুমদার এবং জহিরুদ্দিন মামুন, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ড. করুণাময় গোস্বামী, আতাউর রহমান, সংগীত ব্যক্তিত্ব আজাদ রহমান, সাংবাদিক-সাহিত্যিক আনিসুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম। শুভেচ্ছা বক্তব্য শেষে ‘আকাশ এর সূর্যতারা বিশ্ব ভরাপ্রাণ’ গানের সঙ্গে নাচ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি দিয়ে বেলা ২টায় রেজওয়ানা চৌধুরী বন্যার গানের মধ্যদিয়ে শেষ হয় এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দমেলা। মাঝে রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রনাথের গানের সিডি ‘কোন গগনের তারা’র মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ফরিদুর রেজা সাগর ও সিডির নিবেদক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর হুসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন। আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চুর পরিচালনায় এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা চ্যানেল আই সরাসরি সমপ্রচার করে। এ মেলা উপলক্ষে ড. আহমদ রফিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মেলায় রবীন্দ্রসংশ্লিষ্ট বিভিন্ন স্টল শোভা পায়।

No comments:

Post a Comment