Friday, May 9, 2014

বাড়িতেই বৌভাত সারলেন রানী ও আদিত্য

কয়েক দিন আগেই দেশে ফিরেছেন রানী ও আদিত্য চোপড়া। আর তার পরেই গত সপ্তাহে বাড়িতেই বৌভাতের অনুষ্ঠান সেরে ফেলেছেন তারা। সব কিছুই হয়েছে অত্যন্ত গোপনীয়তার মধ্যে। ঠিক যেমন গোপনীয়তার মধ্যে গত ২১শে এপ্রিল ইতালিতে হঠাৎ করে বিয়ে করে ফেললেন দু’জনে।
যশরাজ ফিল্মের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল সে কথা। আর রানীও তার এ রূপকথার বিয়ের কথা জানিয়েছিলেন টুইটারে। জানা গেছে, ইতালি থেকে ফেরার কয়েক দিনের মধ্যেই আদিত্য চোপড়ার বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন চোপড়া দম্পতি। আঁটসাঁট নিরাপত্তা বেষ্টনীতে ফাঁকফোকর গলেও নবদম্পতির ছবি তুলতে পারেনি মিডিয়া। এমনকি তাদের দেশে ফেরার খবরও ছিল সবার অজানা। দশ বছর ধরে সম্পর্ক গোপন রাখার মতোই বিয়ের সব অনুষ্ঠানই রইল পুরোপুরি গোপন। বৌভাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দিন চোপড়া বাংলো ছিল নিরাপত্তার চাদরে মোড়া। উঁচু পাঁচিলের ওপর সাদা চাদরে মুড়ে দেয়া হয়েছিল। তবে বেশ কিছু তারকাকে দেখা গেছে বাংলোয় ঢুকতে। মা হিরু জোহরের সঙ্গে এসেছিলেন রানীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর, এসেছিলেন সস্ত্রীক অনুপম খের, গায়ক নিতীন মুকেশ, সিদ্ধার্থ কাকের মতো হাতেগোনা কিছু তারকা।

No comments:

Post a Comment