বিশাল অঙ্কের লটারি জিতেছেন জানিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যদি আপনার
ইনবক্সে মেইল আসে, আশান্বিত না হয়ে সতর্ক হোন। টয়োটার লোগোসহ একটি মেইল
জিমেইলের ইনবক্সে আসতে পারে, যাতে ‘স্টার প্রাইজ উইনার লন্ডন’ নামে আপনাকে
বিশাল পুরস্কার জেতার প্রলোভন দেখাতে পারে।

এই
মেইলে দাবি করা হয়, যুক্তরাজ্যে টয়োটার বার্ষিক লটারি প্রচারণার অংশ
হিসেবে আপনার ই-মেইলটি নির্বাচিত হয়েছে। এটা টয়োটা দৈবচয়নে নির্বাচন করে
বলে লটারিতে অংশ না নিয়েও আপনি নির্বাচিত হতে পারেন। বিভিন্ন মহাদেশের কোটি
কোটি মেইলের মধ্য থেকে মোট ২০ জনকে নির্বাচিত করা হয়েছে। মেইলের পরবর্তী
অংশে ব্যক্তিগত নানা তথ্য চাওয়া হয়, যার মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের
নম্বর, পেশা, বয়স প্রভৃতি। এ তথ্যগুলো না দিলে আপনি পুরস্কারের জন্য
বিবেচিত হবেন না বলেও সতর্ক করা হয়।বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার জন্য এ
মেইলগুলো এড়িয়ে চলাই শ্রেয়। যদিও এসব অজানা প্ররোচনামূলক মেইলের অধিকাংশই
ফিল্টার হয়ে চলে যায় স্প্যামবক্সে, তবু সিস্টেমকে ধোঁকা দিয়ে কিছু মেইল
আপনার ইনবক্সে চলে আসতে পারে। অনলাইনে লটারি জিতেছেন বলে আপনার কাছে পাঠানো
এসব অজানা মেইলে বিশ্বাস না করার পরামর্শই দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
টয়োটার নাম ব্যবহার করে পাঠানো এই স্প্যাম মেইল সম্পর্কে টয়োটার সঙ্গে
মেইলে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানায়নি জাপানের
গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠানটি। কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অনলাইনে
লটারি জেতার মেইল হতে পারে ডিজিটাল প্রতারণার পাতা ফাঁদ। বড় কোম্পানিতে
মোটা বেতনে চাকরির সুযোগ, পুলিশের বড় কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগের
বার্তা, উকিল নোটিশ, ঘনিষ্ঠ বন্ধুর বিশেষ অফার, সম্পত্তির ভাগ, দরিদ্রকে
সাহায্য—এ রকম নানা ছুতোয় আপনার ইনবক্সে জমা হওয়া ই-মেইলে মারাত্মক ভাইরাস
বা ক্ষতিকারক সফটওয়্যার লুকিয়ে থাকতে পারে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান
সিমানটেকের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সাইবার-অপরাধীরা ব্যক্তিগত তথ্য
চুরি করতে এখন নানা সুবিধার কথা জানিয়ে, নানা কৌশলে ই-মেইল করছে। এ ধরনের
মেইল যারা পাঠায়, তারা এখন কৌশল পরিবর্তন করেছে। এসব মেইলের উত্তর দেওয়া তো
দূরের কথা, মেইল খোলার বিষয়ে সাবধান থাকুন। এসব মেইলে যেসব লিংক দেওয়া
থাকে তাতে ক্লিক করবেন না। কারণ, এগুলো কম্পিউটারের ক্ষতিকারক মারাত্মক
ভাইরাস আনতে পারে, যা আপনার কম্পিউটারের নানা তথ্য চুরি করতে সক্ষম।
সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ই-মেইল
স্ক্যাম বেড়েছে। মার্কিন গবেষকদের মতে, চটকদার বিষয়বস্তু রয়েছে এমন কিছু
কিছু মেইল পড়ার জন্য ক্লিক করলে তা সর্বনাশের কারণ হতে পারে। ই-মেইলের
বিষয়বস্তু অনেক সময় বড় ধরনের স্ক্যাম বা ফিশিং প্রচারণায় বড় ভূমিকা পালন
করে। সাইবার দুর্বৃত্তরা মেইল ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য মেইলের
বিষয়বস্তু নিয়ে নানারকম চাতুরী করে। এ ধরনের মেইলে ক্ষতিকর লিংক বা
ভাইরাসযুক্ত ফাইল ডাউনলোডের লিংকও জুড়ে দিতে পারে দুর্বৃত্তরা।
No comments:
Post a Comment