প্রতিবেশী বা পশ্চিমা, কোন বন্ধুই বিএনপির
কাজে আসবে না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের
যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা
সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল
ইসলাম বলেন, ‘বাংলাদেশের জনগণই প্রকৃত বন্ধু, তারাই কাজে আসবে। তবে তারা
আপনাদের নয়, আমাদের বন্ধু।’ তিনি বলেন, বিএনপি ও একশ্রেণির অতি উত্সাহী
বুদ্ধিজীবীর কার্যকলাপে নারায়ণগঞ্জের সাত খুনের তদন্তের কাজ প্রভাবিত
হচ্ছে। তাঁদের কর্মকাণ্ডে তদন্তে ব্যাঘাত ঘটছে। তবে সরকার এই তদন্তকাজ
বাধাগ্রস্ত হোক, তা চায় না। আলোচনা সভায় তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে
পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন দুর্বল অবস্থানে
নেই। যথেষ্ট সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভারতের সঙ্গে আমরা যখনই কোনো আলোচনা
করব, সমমনা দেশ হিসেবে করব। উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশকে
ভারতের এখন প্রয়োজন। তিস্তাসহ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সব ইস্যু এই নতুন
সরকার সমাধান করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা নবনির্বাচিত সরকারের সঙ্গে
আলোচনার মাধ্যমে ইস্যুগুলো সমাধানের পথে নিয়ে যাব।’ প্রধানমন্ত্রী শেখ
হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিব সেনা ঐক্যলীগ নামের একটি
সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম
আসাদ।
No comments:
Post a Comment